গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সি স্টেজ বিডি লিমিটেড নামের কারখানার শ্রমিকরা। প্রায় এক ঘন্টা পর সাউণ্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে যানচলাচল স্বাভাবিক করেছে পুলিশ।
আজ সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।
আন্দোলনরত শ্রমিকরা জানান, গত ১০ অক্টোবরের আন্দোলনের পর কর্তৃপক্ষ ১৩ অক্টোবর সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু নির্ধারিত দিনে বেতন না পাওয়ায় তাঁরা আবারও আন্দোলনে নামেন। গতকাল বুধবার বেতন দেয়ার তারিখ থাকলেও বেতন না দিয়ে তালবাহানা করতে থাকে। এদিকে আজকে সাধারণ ছুটি ঘোষণা করেছেন কারখানা কর্তৃপক্ষ।
এর জেরে সকাল সাড়ে আটটা থেকে মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করতে ও বেতনের পরিশোধের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনার প্রস্তাব দেয়। শ্রমিকরা প্রস্তাব উপেক্ষা করে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করতে থাকে। এসময় মহাসড়কে উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। এক পর্যায়ে পুলিশ এসে মহাসড়ক অবরোধে থাকা শ্রমিকদের সাউন্ড গ্রেনেড ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, সি স্টেজ বিডি লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবি জানিয়ে মহাসড়ক অবরোধ করেছিল। প্রায় এক ঘন্টা মহাসড়ক অবরোধ ছিল পরে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।
পড়ুন : ৪৫ বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন
সা/


