শিক্ষার সঙ্গে নৈতিকতার সমন্বয় জরুরি উল্লেখ করে পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রকৃত শিক্ষার দিকে নজর না দিলে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অনেক সময় বিপজ্জনক হয়ে উঠতে পারে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শিক্ষা শুধু পাঠ্যবই বা পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি মানুষের চিন্তাশক্তি বাড়ায় এবং সত্য-মিথ্যা, তথ্য ও অপতথ্য এবং পক্ষপাতের মধ্যে পার্থক্য বুঝতে শেখায়। অর্জিত শিক্ষা মানবকল্যাণে কাজে লাগানো হবে কি না, তা নির্ভর করে মানুষের চিন্তাভাবনা ও মূল্যবোধের ওপর।
তিনি আরও বলেন, শুধু পড়ালেখা শেষ করে একটি চাকরি পাওয়ার মধ্যেই শিক্ষার উদ্দেশ্য সীমাবদ্ধ নয়। প্রকৃত শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষার প্রতি আরও বেশি মনোযোগী হতে হবে।
লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপিসহ অনেকে।
পড়ুন:গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী
ইমি/


