আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির চেনা ছন্দের জাদুতে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ গোলে পরাজিত করেছে ইন্টার মায়ামি। রোববার (১৮ অক্টোবর) বাংলাদেশ সময় সকালে প্রতিপক্ষের মাঠ মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের দ্বিতীয়ার্ধে মাত্র চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন মেসি। এর মাধ্যমে চলতি এমএলএস (মেজর লিগ সকার) মৌসুমে তার ব্যক্তিগত গোলসংখ্যা দাঁড়াল ২৫টিতে, যা লিগের সর্বোচ্চ।
ম্যাচের প্রথমার্ধের ৪৫তম মিনিটে মেক্সিকান স্ট্রাইকার জার্মান বেরতেরামের গোলে এগিয়ে যায় সফরকারী মায়ামি। বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেন মায়ামি অধিনায়ক মেসি।
খেলার ৫৬তম মিনিটে ডান দিক থেকে বল নিয়ে বক্সে ঢুকে বেরতেরামের সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ নিচু শটে বল জালে পাঠান তিনি। এর ঠিক চার মিনিট পর, অর্থাৎ ৬০তম মিনিটে লুইস সুয়ারেজের পাস ধরে পাল্টা আক্রমণে আবারও নিজের দক্ষতার স্বাক্ষর রাখেন মেসি। এবারও এক ডিফেন্ডারকে পরাস্ত করে বাঁ পায়ের নিখুঁত শটে গোল করেন আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে একটি গোল শোধ করে স্বাগতিক আটলান্টা।
এই জোড়া গোলের সুবাদে এমএলএসের গোল্ডেন বুটের লড়াইয়ে দ্বিতীয় স্থানে থাকা খেলোয়াড়ের চেয়ে ৬ গোলে এগিয়ে গেলেন মেসি। পাশাপাশি ম্যাচে একটি অ্যাসিস্টসহ চলতি মৌসুমে তার মোট অ্যাসিস্ট দাঁড়িয়েছে ১৫টিতে। এর মাধ্যমে এমএলএসের ইতিহাসে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে টানা তিন মৌসুমে ১৫টি করে অ্যাসিস্ট করার বিরল কীর্তি গড়লেন তিনি। চলতি মৌসুমে অ্যাসিস্টের এই সংখ্যায় তার সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন লস অ্যাঞ্জেলেস এফসির দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং-মাইন। এছাড়া ক্লাব ও জাতীয় দলের হয়ে টানা ১৩ ম্যাচে গোল কিংবা অ্যাসিস্টে অবদান রেখে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় দীর্ঘতম ধারার সমান হয়েছেন এই ফরোয়ার্ড।
পেশাদার ক্যারিয়ারে এখন পর্যন্ত মেসির মোট গোলের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৬টিতে। গত মৌসুমে এমএলএসে ২৯ গোল করে গোল্ডেন বুট জেতা মেসি এবং জোসেফ মার্টিনেজই কেবল লিগের ইতিহাসে দুই মৌসুমে কমপক্ষে ২৫টি গোল করার রেকর্ড গড়েছেন। চলতি মৌসুমে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে আলবিসেলেস্তে মহাতারকার মোট অবদান ৪০টিতে। ২০১৯ সালে লস অ্যাঞ্জেলেস এফসির হয়ে কার্লোস ভেলার গড়া রেকর্ডটি (৪৯ গোলে অবদান) ভাঙতে হলে মেসির সামনে সুযোগ রয়েছে, কারণ মায়ামির হাতে এখনও চার ম্যাচ বাকি আছে।
নতুন কোচ ক্রিস্তিয়ান ‘কিলি’ গনসালেসের অধীনে এটি মায়ামির টানা তৃতীয় জয়। চলতি সপ্তাহেই প্লে-অফ নিশ্চিত করা দলটি বর্তমানে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় অবস্থানে রয়েছে, আর টেবিলের শীর্ষে রয়েছে ন্যাশভিল। অন্যদিকে, মেসির সাবেক কোচ জেরার্দো ‘তাতা’ মার্তিনোর অধীনে খেলা আটলান্টা রয়েছে পয়েন্ট টেবিলের ১৪তম স্থানে; ফলে প্লে-অফে জায়গা করে নিতে দলটির সামনে এখন বেশ কঠিন চ্যালেঞ্জ। জয়ের ধারা অব্যাহত রাখতে আগামী শনিবার নিউইয়র্ক রেড বুলসের মাঠে খেলতে নামবে ইন্টার মায়ামি।
পড়ুন : জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হারলো বাংলাদেশ
সা/


