শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকার ধামরাইয়ে তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। রোববার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে তাঁরা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।
পরিদর্শনকারী দলের মধ্যে ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া, ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান, ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা খানম এবং ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন, ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার, ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা এবং ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পরিদর্শনকালে কর্মকর্তারা উপজেলার যাত্রাবাড়ী পূজামণ্ডপ ও মাধব মন্দির সংলগ্ন পূজামণ্ডপসহ মোট তিনটি পূজামণ্ডপ ঘুরে দেখেন। তাঁরা পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনের লক্ষ্যে নেওয়া প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন কর্মকর্তারা। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। উৎসব চলাকালে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং পারস্পরিক সম্প্রীতি অক্ষুণ্ন রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ পরিদর্শনের মাধ্যমে পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ এবং নির্বিঘ্নে দুর্গোৎসব উদ্যাপনের প্রস্তুতি পর্যালোচনা করা হয়।
পড়ুন : দেশে হামে আরও ৭ শিশুর মৃত্যু
সা/


