ঢাকার সাভারের আশুলিয়ায় একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
সোমবার দুপুরে নাগরিক কে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আশুলিয়ার আউকপাড়া এলাকার সৈয়দ আলভী (৩০), উত্তর আউকপাড়া এলাকার মো. মামুন (৩৪) এবং পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা এলাকার জহিরুল (২৭)।
ওসি বলেন, গতকাল রোববার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে আশুলিয়ার আউকপাড়া আদর্শগ্রামে জাহানারা বেগমের মালিকানাধীন একটি অটো গ্যারেজে অভিযান চালানো হয়। এ সময় ওই গ্যারেজ থেকে আলভী, মামুন ও জহিরুলকে আটক করা হয়। তাঁদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পিস্তলটির গায়ে ইংরেজিতে ‘TTA’ ও ‘ALY’ লেখা রয়েছে।
তিনি বলেন, আলভীর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। মামুনের বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত দুটি ও অন্যান্য ধারায় তিনটিসহ মোট পাঁচটি মামলা রয়েছে। আর জহিরুলের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি ও চুরির দুটি মামলা রয়েছে।
আটক তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
পড়ুন : জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সা/


