জয়পুরহাটের কালাই থানায় ঢুকে কাঠ দিয়ে পিটিয়ে সাব-ইন্সপেক্টরসহ (এসআই) তিন পুলিশ সদস্যকে আহত করার অভিযোগে আসলাম হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জয়পুরহাট আদালতের কোর্ট ইন্সপেক্টর রফিকুল ইসলাম। এর আগের দিন সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর সন্ধ্যায় উপজেলার থুপসাড়া গ্রামের আসলাম হোসেন কাঠের বাটাম হাতে কালাই থানায় প্রবেশ করেন। পরিচয় জানতে চাইলে তিনি কনস্টেবল মাহমুদুল হাসান রকির চোয়ালে আঘাত করে গুরুতর জখম করেন। তাকে উদ্ধার ও বাধা দিতে গেলে ড্রাইভার কনস্টেবল মাসুদ রানা এবং এসআই আহসান হাবীবের ওপরও হামলা চালিয়ে তাদের আহত করেন তিনি।
এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। গ্রেপ্তার আসলামের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মাদক ও জুয়ার মামলাও রয়েছে।
পড়ুন : সীতাকুণ্ডে বিলবোর্ডে মাইক্রোবাসের সজোরে ধাক্কা: মা-মেয়ে নিহত, আহত ৪


