চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার হালদা ভ্যালি চা বাগানে অবৈধভাবে টিলা কেটে মাটি দিয়ে ফসলি জমি ভরাটের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) গভীর রাতে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ইদুলপুর এলাকায় চা বাগানের ফ্যাক্টরির পাশে স্ক্যাভেটর দিয়ে টিলা কাটার অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে বাগানের ফ্যাক্টরির পাশের একটি টিলা থেকে স্ক্যাভেটর দিয়ে লাল মাটি কেটে নেওয়া হয়। পরে বাগান ম্যানেজারের বাংলোর কয়েকশ ফুট পেছনে একটি ফসলি জমি ভরাটে ওই মাটি ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে। টিলার কাটা অংশ ছাই দিয়ে এবং ভরাট করা মাটি বালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে বলেও দাবি স্থানীয়দের।
নাম প্রকাশ না করার শর্তে চা বাগানসংলগ্ন এলাকার এক বাসিন্দা বলেন, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই বাগান কর্তৃপক্ষ এ কাজ করেছে। এর আগেও বাগানের বিভিন্ন স্থানে এ ধরনের কাজ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে বক্তব্য জানতে হালদা ভ্যালি চা বাগানের ম্যানেজার এম এ কাশেমকে একাধিকবার ফোন করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ বলেন, “বিষয়টি যাচাই-বাছাই শেষে ব্যবস্থা নেওয়া হবে।”
পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের গাড়ি আটকে যুবদল নেতার চাঁদা আদায়ের চেষ্টা


