১৫ নভেম্বর ‘অভিষেক’ ম্যাচে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো গাউচো অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলে ফিরছেন। আগামী ১৫ নভেম্বর ইতালির তৃতীয় স্তরের লিগ সিরি-সি-তে রাভেনার হয়ে অভিষেক হওয়ার কথা রয়েছে তার। ৪৬ বছর বয়সী এই সাবেক তারকা গত জুনে ইতালিয়ান ক্লাবটির সঙ্গে চুক্তি করে আলোচনায় আসেন। ড্রিবলিংয়ের জাদুতে বিশ্বজুড়ে পরিচিত রোনালদিনহোর মাঠে ফেরার খবরে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। শুক্রবার নতুন ক্লাবের হয়ে মাঠে নামার তারিখ ঘোষণা করেন ২০০২ বিশ্বকাপজয়ী এই ব্রাজিলিয়ান। আগামী ১৫ নভেম্বর রাভেনা ও ফরলি এফসির মধ্যকার ডার্বি ম্যাচে তার মাঠে নামার কথা রয়েছে। এর মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরার অপেক্ষায় রয়েছেন তিনি। রোনালদিনহো সর্বশেষ ২০১৫ সালে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে পেশাদার ফুটবল খেলেছিলেন। বার্সেলোনা ও এসি মিলানের মতো ক্লাবে খেলেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন এই তারকা। ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। তার অসাধারণ বল নিয়ন্ত্রণ, ড্রিবলিং ও সৃজনশীল খেলার জন্য বিশ্বজুড়ে রয়েছে অসংখ্য ভক্ত।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে সিরি-সি’র ক্লাব র‌্যাভেনা জানিয়েছে, ‘এটি এমন একটি আয়োজন যা বিশ্বের নজরকে ‘স্তাদিও ব্রুনো বেনেত্তি’র দিকে ঘুরিয়ে দেবে। পুরো ফুটবল বিশ্ব হয়তো এটিকে সত্য হওয়ার মতো নয় ভেবেছিল, অথচ এখন আমরা আনুষ্ঠানিকভাবে একটি দুর্দান্ত প্রত্যাবর্তনের কথা নিশ্চিত করতে পারছি। সেই জাদু, সেই হাসি আর এমন এক প্রতিভার প্রত্যাবর্তন; যা প্রজন্মের পর প্রজন্ম ভক্তদের মুগ্ধ করে রেখেছে, তাদের প্রিয় দল বা ফুটবল আনুগত্য যা-ই হোক না কেন।’

ইতালির এমিলিয়া-রোমাগনা অঞ্চলের ছোট্ট শহর র‌্যাভেনার ক্লাবটি সাধারণত বিশ্ব ফুটবলে খুব একটা আলোচিত নাম নয়। মাত্র ১২ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম নিয়ে সিরি সি-তে খেলে তারা। কিন্তু রোনালদিনহোর আগমনে মুহূর্তেই বিশ্বজুড়ে পরিচিতি পেয়ে গেছে ক্লাবটি। র‌্যাভেনার মালিক ইগ্নাজিও চিপ্রিয়ানি ২০২৪ সালে ক্লাবটি কিনেছিলেন সিরি আ-তে তোলার স্বপ্ন নিয়ে। তার কাছে রোনালদিনহো শুধু একজন ফুটবলার নন, বরং শৈশবের অনুপ্রেরণার নাম। চিপ্রিয়ানি বিশ্বাস করেন, ব্রাজিলিয়ান কিংবদন্তির উপস্থিতি ক্লাবের পরিচিতি ও জনপ্রিয়তা বহুগুণ বাড়িয়ে দেবে।

এর আগে র‌্যাভেনায় যোগ দেওয়ার বিষয়ে রয়টার্সকে রোনালদিনহো বলেছিলেন, ‘এত বছর ধরে চিপ্রিয়ানি পরিবারের সঙ্গে এবং আমাদের অন্য বন্ধুদের সঙ্গে যে সম্পর্ক গড়ে উঠেছে, তারই ধারাবাহিকতায় এই সুযোগটি এসেছে। আমি ভীষণ আনন্দিত। আমরা আশা করি, সবকিছু ভালোভাবেই এগোবে। র‌্যাভেনা সফল হোক, ক্লাবটির সবকিছু ভালোভাবে এগিয়ে যাক। আমাদের চিন্তাভাবনাও অনেকটাই একই রকম। আর সে কারণেই আমরা একসঙ্গে এই পথচলা শুরু করেছি।’

এর আগে ২০০৮-১১ এসি মিলানের জার্সিতে ইতালিয়ান ফুটবলাঙ্গনে দ্বিতীয় দফায় খেলেছিলেন রোনালদিনহো। এ ছাড়া বর্ণাঢ্য ক্যারিয়ারে গায়ে তুলেছিলেন বার্সেলোনা এবং পিএসজির জার্সিও। ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড ২০০৫ সালে অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন। 

পড়ুন:মাদকমুক্ত জাতি গঠনে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন