শিক্ষা মন্ত্রণালয় সূত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা পর্যালোচনা করে জানা গেছে, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সরকারের নির্বাহী আদেশের দীর্ঘ টানা ছুটি শেষে আজ সোমবার থেকে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসাগুলো খুলছে এবং যথারীতি ক্লাস শুরু হবে। তবে সরকারি-বেসরকারি কলেজগুলোর ছুটি আরও কিছুদিন দীর্ঘ হয়ে আগামী ১ নভেম্বর থেকে ক্লাস শুরু হবে।
বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও নির্বাহী আদেশের এই ছুটি মূলত শুরু হয়েছিল গত ১৮ অক্টোবর। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। যদিও ২২ অক্টোবর নির্ধারিত ছুটি শেষ হওয়ার কথা ছিল, তবে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবর রবিবার লক্ষ্মীপূজার ছুটি থাকায় প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে। এর ফলে শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১০ দিন ছুটি কাটানোর সুযোগ পেয়েছেন। এই দীর্ঘ অবকাশ শেষে আজ থেকে আবারও শ্রেণিকক্ষের নিয়মিত কার্যক্রম শুরু হচ্ছে।
পক্ষান্তরে, কলেজগুলোতে ছুটির পরিধি আরও কিছুটা বেশি রাখা হয়েছে। বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে গত ১৮ অক্টোবর শুরু হওয়া কলেজগুলোর এই ছুটি শেষ হবে আগামী ২৯ অক্টোবর। এর ঠিক পরপরই ৩০ ও ৩১ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় কলেজগুলো পুনরায় খুলবে ১ নভেম্বর রবিবার। ওই দিন থেকেই সরকারি-বেসরকারি কলেজগুলোতে যথারীতি ক্লাস শুরু হবে।
পড়ুন : চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সা/


