সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে পোস্ট দেওয়াসহ সরকার ও দলের জ্যেষ্ঠ নেতাদের সম্পর্কে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের অভিযোগে টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে।
রোববার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুকে সরকার ও দলের সিনিয়র নেতাদের সম্পর্কে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করার মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগে টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম রফিকুল বারী (রুবেল চৌধুরী)-কে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এর আগে গত শুক্রবার (২৩ অক্টোবর) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘আমার মনে কষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’ লিখে একটি পোস্ট দেন রুবেল চৌধুরী। ওই পোস্টকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়।
পরবর্তী সময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দলীয় সিদ্ধান্ত ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিভিন্ন অভিযোগ তোলেন। এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও ক্ষোভ তৈরি হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে রুবেল চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
পড়ুন : ইসরায়েলে ক্ষমতার পালাবদলের সম্ভাবনা, ফিলিস্তিনিদের জন্য কী বদলাবে?
সা/


