কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খনন করতে গিয়ে ভূগর্ভ থেকে গ্যাস নির্গমন ও আগুন জ্বলে ওঠার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর ৫টার দিকে ইনানী এলাকায় স্থানীয় বাসিন্দা মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় এ ঘটনা ঘটে। আগুনের উত্তাপে বিদ্যুতের ৩৩ কেভি মূল সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরিন ড্রাইভ এলাকার বেশ কয়েকটি স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইনানী এলাকার একটি বসতবাড়িতে টিউবওয়েল স্থাপনের জন্য বোরিং করার সময় গভীরে পৌঁছালে হঠাৎ মাটির নিচ থেকে গ্যাস নির্গত হতে শুরু করে। একপর্যায়ে সেখানে আগুন জ্বলে ওঠে। আগুন জ্বলতে থাকায় আশপাশের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা রেজাউল বলেন, “বসতবাড়িতে নলকূপ খনন করার সময় হঠাৎ মাটির গভীর থেকে গ্যাস বের হতে শুরু করে। একপর্যায়ে সেখানে আগুন জ্বলে ওঠে। এখনো আগুন জ্বলতে থাকায় আশপাশের মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি।”
উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন বলেন, “ইনানী এলাকায় নলকূপ খনন করতে গিয়ে গ্যাস নির্গমন ও আগুন জ্বলে ওঠার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আগুনের প্রকৃত উৎস ও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনা এবং আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
উখিয়া বিদ্যুৎ বিভাগ জানিয়েছেন, আগুনের উত্তাপে ৩৩ কেভি মূল সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। ফায়ার সার্ভিসের প্রতিনিধিরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর বিদ্যুতের লাইন পরীক্ষা করে পুনরায় চালু করা হবে।
পড়ুন : সীতাকুণ্ডে লরিচাপায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ৫ যাত্রী নিহত
সা/


