গাজীপুরের কালিয়াকৈরে লাঠির আঘাতে লভলাল চক্রবর্তী (৫৭) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাঁর ছেলে অর্ণব চক্রবর্তীর বিরুদ্ধে বাবাকে আঘাত করার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী আভা চক্রবর্তীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঢালজোড়া ইউনিয়নের চিনাইল দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লভলাল চক্রবর্তী ওই এলাকার ইন্দ্রমোহনের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অর্ণব চক্রবর্তীর মাদক সেবনের অভ্যাস ছিল বলে অভিযোগ রয়েছে। পরিবারের পক্ষ থেকে তাঁকে একাধিকবার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রেখে চিকিৎসা করানো হয়েছিল বলেও জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন সন্ধ্যায় মাদক কেনার জন্য বাবার কাছে টাকা চান অর্ণব। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবা-ছেলের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে অর্ণব লাঠি দিয়ে তাঁর বাবাকে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে লভলাল চক্রবর্তী মাটিতে পড়ে যান এবং পরে তাঁর মৃত্যু হয়।
ঢালজোড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনায়েত হোসেন গজনবী জানান, অর্ণবের বিরুদ্ধে এর আগেও টাকা চাওয়াকে কেন্দ্র করে মা-বাবাকে মারধরের অভিযোগ ছিল। তাঁকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে নেওয়া হয়েছিল বলেও তিনি জানান।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক ওসি সহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পড়ুন : প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা
সা/


