প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন যখন শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে মানুষের পাশে দাঁড়ানোর উপলক্ষ হয়ে ওঠে, তখন সেই আয়োজন পায় ভিন্ন মাত্রা। এমনই এক উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন দুই শতাধিক মানুষ।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে পৌরশহরের সড়কবাজারের পৌর মুক্তমঞ্চে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। উপজেলা যুবদল ও পৌর যুবদল যৌথভাবে এ ক্যাম্পের আয়োজন করে।
বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগেই মুক্তমঞ্চের আশপাশে জড়ো হন বিভিন্ন বয়সী মানুষ। কেউ এসেছেন দীর্ঘদিনের শারীরিক সমস্যা নিয়ে, কেউবা সাধারণ স্বাস্থ্য পরামর্শ নিতে। ক্যাম্পে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন চিকিৎসক প্রায় দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেন।
ক্যাম্পে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. মহসিন ভূঁইয়া, পৌর যুবদলের সদস্যসচিব মো. হুমায়ুন রহমান নয়ন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান সানি, উপজেলা যুবদল নেতা শাহিন খান, আব্দুল হান্নান ও মো. ইয়াছিন সরকার।
এ ছাড়া উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পৌর যুবদলের সদস্য সচিব হুমায়ুন রহমান নয়ন জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বুধবার বিকেলে আখাউড়া রেলস্টেশন ও পৌর মুক্তমঞ্চ এলাকায় ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করা হবে।
পড়ুন : জাতীয় গ্রিড পুনরুদ্ধার শেষ, পর্যায়ক্রমে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ
সা/


