বিজয়ের মাসের শুরুতেই নেত্রকোনায় ‘বিজয় ম্যারাথন-২০২৬’

হেমন্তের শেষ প্রহরে শীতের হিমেল হাওয়া আর কুয়াশাচ্ছন্ন ভোরে যখন নতুন সূর্য উঁকি দেবে, তখনই ব্যতিক্রমী উৎসবের রঙে জেগে উঠবে নেত্রকোনা শহর। মহান বিজয় দিবসের মাসকে বরণ করে নিতে এবার প্রচলিত আয়োজনের পাশাপাশি যুক্ত হচ্ছে নতুন মাত্রা- ‘বিজয় ম্যারাথন-২০২৬’। আগামী পহেলা ডিসেম্বর (মঙ্গলবার) ভোর ৬টায় শহরের বিডিআর গেট থেকে শুরু হবে আনন্দের দৌড়, যা শেষ হবে নেত্রকোনা আধুনিক স্টেডিয়াম গেটে গিয়ে।

বিজয়ের চেতনাকে কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের দৈনন্দিন আনন্দ ও স্বাস্থ্য সচেতনতার সঙ্গে যুক্ত করার ভাবনা থেকেই আয়োজনটির পরিকল্পনা করেছে নেত্রকোনা জেলা প্রশাসন। আর এ উদ্যোগকে সফল ও প্রাণবন্ত করে তুলতে রবিবার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় প্রস্তুতিমূলক সভা।

সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। তার কণ্ঠে ফুটে ওঠে বিজয়ের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আন্তরিক প্রত্যয়। তিনি বলেন, “আমাদের মহান মুক্তিযুদ্ধের বিজয় একটি বিশেষ উপলক্ষ, আর এই বিজয় সবার জন্য। বিজয় যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে এবং বিজয়ের মাসটা যেন একটি উৎসবমুখর পরিবেশে শুরু হয়, সেই প্রত্যাশা নিয়েই আমাদের এই আয়োজন।” পরিসর ছোট হলেও সবার সম্মিলিত অংশগ্রহণে আয়োজনটি অত্যন্ত প্রাণবন্ত ও সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে পহেলা ডিসেম্বর ভোর ৬টায় বিডিআর গেটে সবার সঙ্গে মিলিত হওয়ার আহ্বান জানিয়ে সবার সুস্থতা ও নিরাপত্তা কামনা করেন জেলা প্রশাসক।

সভার শুরুতে আয়োজনের প্রেক্ষাপট তুলে ধরেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান। তিনি জানান, মহান বিজয় দিবসকে আরও রঙিন ও স্মরণীয় করে তুলতে জেলা প্রশাসকের উদ্যোগে বিজয়ের মাসের প্রথম দিনেই ম্যারাথনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সমাজের সর্বস্তরের মানুষকে সক্রিয়ভাবে সম্পৃক্ত করা এবং সবার মূল্যবান মতামতের ভিত্তিতে অনুষ্ঠানটিকে সর্বাঙ্গীণ সুন্দর করাই প্রস্তুতি সভার মূল লক্ষ্য।

সুস্থ ও প্রাণবন্ত সমাজ গঠনে এমন উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন নেত্রকোনা স্থানীয় সরকারের উপপরিচালক ও নেত্রকোনা পৌরসভার পৌর প্রশাসক এ.কে.এম. আব্দুল্লাহ বিন রশিদ। স্বাস্থ্য সচেতনতামূলক ব্যতিক্রমী আয়োজনের জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই উদ্যোগকে পৌরসভার পক্ষ থেকে স্বাগত জানানো হচ্ছে এবং ম্যারাথন চলাকালে পানি সরবরাহসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি ও সহযোগিতা পৌরসভা নিশ্চিত করবে।

আয়োজনটি ঘিরে ইতোমধ্যেই শহরের ক্রীড়াঙ্গন ও তরুণ সমাজের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে বলে জানান নেত্রকোনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হেদায়েত উল্লাহ রুমিন। জেলা প্রশাসকের প্রচেষ্টা ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত ম্যারাথনের রূপরেখা তুলে ধরে তিনি বলেন, পহেলা ডিসেম্বর সকাল ৬টায় বিডিআর গেট থেকে দৌড় শুরু হয়ে নেত্রকোনা আধুনিক স্টেডিয়াম গেটে সমাপ্ত হবে এবং সমাপনী শেষে সেখানে পুরস্কার বিতরণ করা হবে। সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে শহরে ইতোমধ্যেই মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হয়েছে এবং সোমবারও (৩০ নভেম্বর) তা অব্যাহত থাকবে। পাশাপাশি শহরের বিভিন্ন শরীরচর্চা কেন্দ্রে যোগাযোগ করা হয়েছে এবং সেখানকার সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আশ্বাস দিয়েছেন।

সভায় জেলা ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আলআমিন সবার সহযোগিতা কামনা করে জানান, অতিরিক্ত দায়িত্ব পালন করলেও সর্বোচ্চ সময় দিয়ে এ অঞ্চলের খেলাধুলা ও ক্রীড়া আয়োজনে তিনি পাশে থাকবেন।

প্রস্তুতি সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি আয়োজনটিকে ঘিরে এক সর্বজনীন ঐক্যের আবহ তৈরি করে। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপি নেতা বীরমুক্তিযোদ্ধা মো. মান্নান তালুকদার, পুলিশ বিভাগ, আনসার ও স্কাউটের প্রতিনিধি, বিভিন্ন সরকারি অধিদপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় আলোচকেরা ‘বিজয় ম্যারাথন’কে নেত্রকোনায় বিজয় দিবসের কর্মসূচিতে নতুন ও প্রশংসনীয় সংযোজন হিসেবে অভিহিত করে নেত্রকোনাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসককে ধন্যবাদ জানান।

মুক্তিযুদ্ধের চেতনা, সুস্থ জীবনযাপনের বার্তা আর নাগরিক সৌহার্দ্যের মেলবন্ধনে পহেলা ডিসেম্বরের সকালটি নেত্রকোনাবাসীর জন্য হয়ে উঠবে এক স্মরণীয় প্রাতঃরাগ- এমনটাই প্রত্যাশা সবার।

বিজ্ঞাপন

পড়ুন : ব্যাংকিং সেবা সহজ করতে দিনাজপুরে ‘সীমান্ত কেয়ার’-এর উদ্বোধন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন