মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে সাদমান ইসলামের পর তাওহিদ হৃদয়কেও হারাল বাংলাদেশ। দিনের শুরুতে সেঞ্চুরি পূর্ণ করা সাদমানকে ফিরিয়ে অভিষেকেই প্রথম উইকেটের দেখা পেলেন বিশপ। পিচে পড়ে বলটি সামান্য সোজা হয়ে এলে ব্যাটে লাগাতে পারেননি সাদমান, বল আঘাত করে তার প্যাডে। এদিকে গতকাল ৪২ রানে ক্রাম্প হয়ে কাল বিকেল মাঠ ছেড়েছিলেন। আজ সেঞ্চুরি করে সাদমান আউট হলে আবার ব্যাটিংয়ে নামে হৃদয়। তবে অভিষিক্ত বিশপের বলে বোল্ড হয়ে ফিরেছেন তিনি। কোনো রান যোগ করতে পারলেন না হৃদয়। ৮০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২২৯ রান, হারিয়েছে ৫ উইকেট।
টেস্ট ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি তুলে নিলেন সাদমান ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন বাংলাদেশের এই বাঁহাতি ওপেনার। এতে ১৭ ইনিংস পর সেঞ্চুরির দেখা পেলেন তিনি।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের ৯৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন সাদমান। জশুয়া বিশপের করা দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলে দুই রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ২২০ বলের ইনিংসে এখন পর্যন্ত ১০টি চার মেরেছেন এই ওপেনার। সেঞ্চুরির পর হেলমেট খুলে ব্যাট উঁচিয়ে উদ্যাপন করেন সাদমান। সতীর্থরাও ড্রেসিংরুম থেকে দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানান। এরপর সিজদা করে কৃতিত্বের জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সাদমানের সর্বশেষ টেস্ট সেঞ্চুরি এসেছিল ২০২৫ সালের এপ্রিলে, জিম্বাবুয়ের বিপক্ষে। তার প্রথম টেস্ট সেঞ্চুরিও ছিল সেই দলের বিপক্ষে, ২০২১ সালে।
সাদমানের ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। প্রথম দিনের খেলা শেষে ৭৪ ওভারে ৩ উইকেটে ২১৩ রান তুলেছিল স্বাগতিকরা। দ্বিতীয় দিন শুরুতে সেঞ্চুরি পূর্ণ করার পর লিটন দাসকে নিয়ে ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন সাদমান।
প্রথম দিনে দ্রুত ফিরে যান তানজিদ হাসান। এরপর মুমিনুল হক ২৮ রান করে আউট হন। নাজমুল হোসেন শান্ত করেন ১৯ রান। তৃতীয় উইকেটে সাদমান ও শান্তর পর হৃদয়কে নিয়ে গড়ে ওঠা জুটি বাংলাদেশের ইনিংসকে এগিয়ে নেয়। তবে পেশিতে টান লাগায় ৪২ রান করে স্ট্রেচারে মাঠ ছাড়তে হয় তাওহিদ হৃদয়কে। তিনি রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি উইকেট নিয়েছেন জোমেল ওয়ারিক্যান। একটি উইকেট পেয়েছেন জেডেন সিলস।
পড়ুন:ভাসানী হকি স্টেডিয়ামে ব্র্যাক ব্যাংক ‘অপরাজেয় আলো’ নারী হকি গোলকিপার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন
ইমি/


