জামালপুরের মেলান্দহ উপজেলায় কবর খুঁড়তে গিয়ে আলমাছ নামে এক গোরখোদকের মৃত্যু হয়েছে। এ সময় তাঁর সঙ্গে থাকা সোহেল মিয়া নামে আরেক ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার দুরমুঠ ইউনিয়নের দুরমুঠ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুরমুঠ এলাকার মৃত চান মিয়ার ছেলে ডেপু মিয়া বার্ধক্যজনিত কারণে মারা যান। তাঁর দাফনের জন্য কবর খুঁড়তে যান একই এলাকার ভোলা মিয়ার ছেলে গোরখোদক আলমাছ ও মোনতাজের ছেলে সোহেল মিয়া।
কবর খোঁড়ার কাজ শুরু করার কিছুক্ষণের মধ্যেই দুজনের বুকে তীব্র ব্যথা অনুভূত হয়। একপর্যায়ে তাঁরা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে আলমাছের মৃত্যু হয় এবং সোহেল মিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
কবর খুঁড়তে গিয়ে একজনের মৃত্যু এবং অপরজন অসুস্থ হয়ে পড়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আকস্মিক এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। কী কারণে দুজন একসঙ্গে অসুস্থ হয়ে পড়লেন, তা নিয়ে এলাকায় আলোচনা চলছে।
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম আলম বলেন, ঘটনাটি অত্যন্ত আশ্চর্যজনক ও মর্মান্তিক। কবর খুঁড়তে গিয়ে এমন ঘটনা ঘটবে, তা আমরা কল্পনাও করতে পারিনি। এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।
এদিকে, একই সময়ে দুজনের বুকে তীব্র ব্যথা ওঠার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে তাঁদের অসুস্থ হওয়ার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে চিকিৎসকদের মতামত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে ঘটনার কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা যেতে পারে।
পড়ুন: টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ
সা/


