নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে জামালপুরের মাদারগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ , সহসভাপতি আব্দুল আজিজ জামালী, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ও সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম খান।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, অর্থবিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম মুছা, দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত , সদস্য তোফায়েল হোসেন মুকুল ও সুজন আহমেদ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, সাংবাদিকেরা সমাজের নানা অসংগতি, অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরেন। কিন্তু পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সাংবাদিককে নির্যাতন, হয়রানি ও নানা ধরনের হুমকির মুখে পড়তে হয়। স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করতে এসব ঘটনার অবসান জরুরি।
এ সময় বক্তারা সাংবাদিক আলিফ ফকির হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি সারা দেশে সাংবাদিকদের নির্যাতন, নিপীড়ন ও হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
পড়ুন : মানবতাবিরোধী অপরাধ: মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড
সা/


