আইনের প্রতি আমার অগাধ বিশ্বাস ছিল। আমি বিশ্বাস করেছি, ন্যায়বিচার পাব। অবশেষে সত্যের জয় হয়েছে। নাগরিকের কাছে এমন অনুভুতি প্রকাশ করেন চট্টগ্রামে প্রভাবশালীদের দুর্নীতির বিরুদ্ধে লড়ে চাকরি হারানো সেই আলোচিত কর্মকর্তা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন।
অবশেষে ন্যায়বিচার পেলেন শরীফ। সাড়ে চার বছরের আইনি লড়াই শেষে জ্যেষ্ঠতা ও বকেয়া সকল সুবিধাসহ চাকরিতে ফিরছেন তিনি। সমস্ত পক্রিয়া সম্পন্ন হলে আগামী রোববার (১ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দুদক কার্যালয়ে যোগদান করার কথা রয়েছে তার।
শরীফ উদ্দিনের জ্যেষ্ঠ আইনজীবী সালাহ উদ্দীন দোলন জানান, শরীফ উদ্দিনকে পুনর্বহালের নির্দেশ দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিল গত ১৫ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত খারিজ করে দিয়েছেন। দুদক নিজেই আপিলটি আর পরিচালনা না করার সিদ্ধান্ত নেওয়ায় হাইকোর্টের রায়ই বহাল থাকলো। ফলে তার চাকরিতে ফিরতে আর কোনো আইনি বাধা নেই।
হাইকোর্ট গত বছর ৯ জুলাই এক ঐতিহাসিক রায়ে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি শরীফকে চাকরিচ্যুতির আদেশকে ‘আইনগত কর্তৃত্ববহির্ভূত ও শুরু থেকেই বাতিল’ ঘোষণা করেন।
যেভাবে নায়ক থেকে খলনায়ক বানানো হয়েছিল?
দুদকের চট্টগ্রাম কার্যালয়ে থাকাকালে শরীফ উদ্দিন ছিলেন আতঙ্কের নাম। রোহিঙ্গাদের এনআইডি ও পাসপোর্ট জালিয়াতি, কক্সবাজারের ভূমি অধিগ্রহণে আওয়ামী লীগের প্রভাবশালীদের দুর্নীতি, তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী হাজি সাইফুল করিম, কর্ণফুলী গ্যাসের নিয়োগ বাণিজ্য এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৮২ পৃষ্ঠার দুর্নীতির শ্বেতপত্র – সবখানেই ছিল তার সাহসী অনুসন্ধান।
প্রাণনাশের হুমকি পেয়ে জিডি করার কয়েক মাসের মধ্যেই ২০২১ সালের ১৬ জুন তাকে বদলি করা হয় পটুয়াখালীতে। আর ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক কর্মচারী বিধিমালার কালো আইন হিসেবে পরিচিত ৫৪(২) ধারায় তাকে চাকরি থেকে অপসারণ করা হয়।
তার এই অপসারণে সারাদেশে তোলপাড় ওঠে। দুদকের প্রধান কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে মানববন্ধন করেন কর্মকর্তা-কর্মচারীরা।
এরপর ২০২২ সালের ১৩ মার্চ হাইকোর্টে রিট করেন শরীফ। দীর্ঘ আইনি লড়াই শেষে আপিল বিভাগ ৫৪(২) বিধি প্রয়োগে ১২ দফা নির্দেশনা দেন এবং হাইকোর্ট তার পুনর্বহালের রায় দেন।
দুদক আপিল করেও শেষ পর্যন্ত পিছু হটায় সাড়ে চার বছর পর বিজয়ের হাসি হাসলেন দুদকের সবচেয়ে সাহসী এই যোদ্ধা।
পড়ুন:চট্টগ্রামে ৭৫ বছরের বৃদ্ধাকে হত্যা: ঘাতক ভাড়াটিয়া রিফাত ২৪ ঘণ্টায় খাঁচায়!
ইমি/


