সিরাজগঞ্জে মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী আরও তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত মিছিলে অংশগ্রহণকারী ৭ জন গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জ পৌরসভার কোবদাসপাড়া মহল্লার শরিফুল ইসলামের ছেলে যুবলীগ কর্মী মো. আশরাফুল ইসলাম সোহাগ (২৮), রানীগ্রাম মধ্যপাড়া মহল্লার মোহাম্মদ আলমগীর হোসেনের ছেলে ছাত্রলীগ কর্মী মোহাম্মদ সাজু (১৭) ও সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে মো. হাবিবুর রহমানের ছেলে যুবলীগ কর্মী মোহাম্মদ রবিউল ইসলাম (৩১)।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. রাকিবুল হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তারা তিনজনই বুধবার ভোরে মহাসড়কের ওই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
তিনি আরও বলেন, আটক দুই যুবলীগ নেতাকে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলায় ও ছাত্রলীগ নেতা সাজুকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার বেলা ১২টার দিকে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, গত বুধবার (২৮ অক্টোবর) ভোরে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক এলাকায় পুলিশের ভ্যানের সামনে বিক্ষোভ মিছিল করে যুবলীগ। ওইদিন অভিযান চালিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি লিটন শেখ, ছাত্রলীগ কর্মী আগুন শেখ, যুবলীগ কর্মী চান শেখ ও সয়দাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আরমানকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে এই ঘটনায় পুলিশ ভ্যানের সামনে নিষিদ্ধ সংগঠন বিক্ষোভ মিছিল করায় এক এএসআই ও ৩ কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে।
পড়ুন : শীতের নতুন সবজি আসলেও রাজধানীতে চড়া দামের উত্তাপ
সা/


