শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চপূর্ব এক বিশাল উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সরকারের উদ্দেশে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অনিবার্য বিপ্লব আজ দরজায় কড়া নাড়ছে।
বিরোধীদলীয় নেতা বলেন, কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না। প্রধানমন্ত্রী সাম্প্রতিক বিদেশ সফর এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে কী চুক্তি বা আলোচনা হয়েছে, তা জাতির কাছে পরিষ্কার করার দাবি জানান তিনি। তিনি বলেন, অতীতে যারা দাসত্ব স্বীকার করেছিল, তারা আজ তার পরিণতি ভোগ করছে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, সরকার ৭ দফা দাবি না মেনে স্বৈরাচারের পথে হাঁটলে অতীত সরকারের পরিণতি ভোগ করতে হবে। বিশেষ করে গণভোটের রায় বা গণরায় দ্রুত বাস্তবায়ন না করলে বাকি সমস্যাগুলোর সমাধান হবে না বলে উল্লেখ করেন তিনি।
সমাবেশে বিএনপির সমালোচনা করে জামায়াত আমির বলেন, বিএনপি জাতিকে হতাশ করেছে এবং গণরায়কে উপহাস করেছে। আগামী ৯ নভেম্বর সংসদ বসার আগেই নিজেদের ভুল সিদ্ধান্ত থেকে সরে এসে গণভোটের রায় বাস্তবায়নের ঘোষণা দেওয়ার আহ্বান জানান তিনি। অন্যথায় দাবি আদায়ে কঠোর আন্দোলন ও প্রয়োজনে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য মুক্তিকামী দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান। যুবসমাজকে কারও ছলনায় কান না দিয়ে দেশের মুক্তি দীর্ঘস্থায়ী করতে আবারও রাজপথে লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার তাগিদ দেন তিনি।
১১ দলীয় ঐক্যের এই সমাবেশে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানী, এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ শীর্ষস্থানীয় নেতারা।
পড়ুন : তাহসিফ সাউরির বাবার মামলায় বন্ধু দীপ গ্রেপ্তার
সা/


