দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৯৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৫৩ জন পরীক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় দিনাজপুর শিক্ষাবোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ফলাফল জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার ৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। বিপরীতে শতভাগ পাস করেছে মাত্র ৬টি প্রতিষ্ঠান।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, গত বছরের তুলনায় এবার পাসের হার, জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা এবং শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। বেড়েছে শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা।
গত বছর দিনাজপুর শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৫৭ দশমিক ৪৯ শতাংশ, যা এবার কমে ৪৫ দশমিক ৯৮ শতাংশে দাঁড়িয়েছে। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ২৬০ জন, এবার তা কমে হয়েছে ২ হাজার ৯৫৩ জন।
এছাড়া গত বছর বোর্ডের ১১টি প্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী পাস করলেও এবার তা কমে ৬টিতে নেমেছে। অন্যদিকে গত বছর ৪৩টি প্রতিষ্ঠানে কেউ পাস করতে পারেনি, এবার সেই সংখ্যা বেড়ে ৪৯টিতে দাঁড়িয়েছে।
সামগ্রিকভাবে গত বছরের তুলনায় এবার দিনাজপুর শিক্ষাবোর্ডের ফলাফলে উল্লেখযোগ্য অবনতি দেখা গেছে।
পড়ুন : পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ এ এগিয়ে ছেলেরা
সা/


