কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার করা মালামালের আনুমানিক জব্দমূল্য ১০ লাখ ৩৩ হাজার ৮৫০ টাকা।
শনিবার (৩১ অক্টোবর) রাতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়। রোববার (১ নভেম্বর) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় মদ ৪১ বোতল, ফেয়ারডিল সিরাপ এক বোতল, স্কাপ সিরাপ তিন বোতল, ট্যাপেন্টাডল ট্যাবলেট ১০০ পিস, সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট তিন হাজার পিস, গাঁজা চার কেজি, চকলেট বাজি ৯৯৮ পিস, দুটি সিমকার্ড ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এর মধ্যে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাংনী উপজেলার কাজিপুর ব্রিজ বাজার এলাকায় অভিযান চালিয়ে সাইদুর ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে চার বোতল ভারতীয় ওষুধজাতীয় সিরাপসহ আটক করে কাজিপুর বিওপির বিজিবি সদস্যরা।
একই দিন রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মোহাম্মাদপুর মাঠে অভিযান চালিয়ে সুভেল (২৬) নামের আরেক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০ বোতল ভারতীয় মদ, ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, দুটি সিমকার্ড ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ছাড়া রাত সাড়ে ১১টার দিকে তেঁতুলবাড়ি মোল্লাপাড়া মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ ও তিন হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। রোববার রাত ১২টা ৪৫ মিনিটে পশ্চিম ধর্মদাহ মাঠ থেকে ২১ বোতল ভারতীয় মদ ও ৯৯৮ পিস চকলেট বাজি এবং রাত ১২টা ৫৫ মিনিটে প্রাগপুর চুলকানির ঘাট এলাকা থেকে চার কেজি গাঁজা উদ্ধার করে বিজিবি।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে। উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সীমান্তে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পড়ুন : রূপগঞ্জে ফলাফল বিপর্যয়: ৭ প্রতিষ্ঠানে ফেলের পাল্লা ভারী; মাদরাসাগুলোতেও হতাশা


