শোক সামলে স্বপ্নের খোঁজে মুম্বাইয়ে, আজ ১৩ হাজার কোটির মালিক শাহরুখ

আজ ২ নভেম্বর, বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন। অভিনয়, জনপ্রিয়তা ও ব্যবসায়িক সাফল্যে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এই অভিনেতা। সারা বিশ্বের কোটি কোটি ভক্তের কাছে তিনি পরিচিত ‘কিং খান’ নামে। তবে আজকের এই তারকাখ্যাতি এক দিনে আসেনি। অল্প বয়সে মাকে হারানো, মধ্যবিত্ত পরিবারের আর্থিক সীমাবদ্ধতা এবং অভিনয়ের স্বপ্ন নিয়ে সংগ্রাম—সবকিছু পেরিয়েই নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। টেলিভিশনের ছোট পর্দা থেকে বলিউডের শীর্ষস্থান, তাঁর এই যাত্রা এখন অনুপ্রেরণার গল্প।

বিজ্ঞাপন

সম্প্রতি প্রকাশিত ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬’ অনুযায়ী, শাহরুখের আনুমানিক সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩ হাজার ৬৬ কোটি টাকা। এই হিসাব অনুযায়ী, তিনি ভারতের সবচেয়ে ধনী অভিনেতা।

১৯৬৫ সালের ২ নভেম্বর দিল্লিতে জন্ম শাহরুখ খানের। তাঁর বাবা মীর তাজ মোহাম্মদ খান স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। মা লতিফা ফাতিমা। দিল্লির সেন্ট কলম্বা স্কুলে পড়াশোনা করেন শাহরুখ। পড়াশোনা ও খেলাধুলায় ভালো করার স্বীকৃতি হিসেবে পেয়েছিলেন স্কুলের সম্মানজনক ‘সোর্ড অব অনার’ পুরস্কার।

পরে হংসরাজ কলেজে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন। তবে ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ছিল তাঁর প্রবল আগ্রহ। কলেজজীবনে দিল্লির থিয়েটার অ্যাকশন গ্রুপে যোগ দিয়ে মঞ্চে অভিনয় শুরু করেন। দিলীপ কুমার ও অমিতাভ বচ্চনের অভিনয় তাঁকে অনুপ্রাণিত করেছিল। অভিনয়ের প্রতি আগ্রহ থেকেই থিয়েটারের সঙ্গে যুক্ত হন এবং ন্যাশনাল স্কুল অব ড্রামায় প্রশিক্ষণ নেন।

জীবনের শুরুতেই মাকে হারানোর শোক তাঁকে গভীরভাবে নাড়া দেয়। অন্যদিকে মধ্যবিত্ত পরিবারের আর্থিক সীমাবদ্ধতাও ছিল। সব প্রতিকূলতা পেরিয়ে অভিনয়ের স্বপ্ন পূরণে দিল্লি ছেড়ে মুম্বাইয়ে পাড়ি জমান তিনি।

১৯৮৮ সালে ‘দিল দরিয়া’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে অভিনয় শুরু করেন শাহরুখ। এরপর ‘ফৌজি’ ও ‘সার্কাস’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। ছোট পর্দায় পরিচিতি পাওয়ার পর ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। প্রথম সিনেমাতেই সাফল্য পান এবং ফিল্মফেয়ার সেরা নবাগত অভিনেতার পুরস্কার অর্জন করেন।

এরপর ‘চমৎকার’ ও ‘রাজু বান গয়া জেন্টলম্যান’-এর মতো সিনেমায় অভিনয় করেন। তবে ‘বাজিগর’ ও ‘ডর’ ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করে নিজের অভিনয়ক্ষমতার ভিন্ন দিক তুলে ধরেন। পরবর্তী সময়ে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ ও ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো সিনেমা তাঁকে বিশ্বজুড়ে জনপ্রিয়তা এনে দেয়।

২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় দারুণভাবে আলোচনায় আসেন তিনি।

শাহরুখের বিপুল সম্পদের বড় অংশ এসেছে অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক উদ্যোগ থেকে। তাঁর অন্যতম প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। স্ত্রী গৌরী খানকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন তিনি। চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি ভিজ্যুয়াল ইফেক্টসের কাজেও যুক্ত প্রতিষ্ঠানটি।

এ ছাড়া ক্রীড়া ব্যবসায়ও রয়েছে শাহরুখের বিনিয়োগ। নাইট রাইডার্স স্পোর্টসের সঙ্গে যুক্ত তিনি। এই প্রতিষ্ঠানের অধীনে রয়েছে কলকাতা নাইট রাইডার্সসহ একাধিক ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি। বিনোদন ও ক্রীড়া—দুই খাতেই তাঁর ব্যবসায়িক অংশীদারত্ব সম্পদের পরিধি বাড়িয়েছে।

‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬’ অনুযায়ী, ভারতের সবচেয়ে ধনী অভিনেতার অবস্থান ধরে রেখেছেন শাহরুখ। তবে আগের বছরের তুলনায় তাঁর সম্পদের আনুমানিক পরিমাণ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি। ২০২৫ সালের তালিকায় তাঁর সম্পদের পরিমাণ ছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। অর্থাৎ এক বছরে প্রায় ২০ শতাংশ সম্পদ কমেছে।

এদিকে সামনে আসছে তাঁর নতুন সিনেমা ‘কিং’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন মেয়ে সুহানা খান। আগামী ২৪ ডিসেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

টেলিভিশনের একজন নবাগত অভিনেতা থেকে বিশ্বজুড়ে পরিচিত তারকা এবং ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হয়ে ওঠা—শাহরুখের দীর্ঘ পথচলা সত্যিই ব্যতিক্রমী। বয়স বাড়লেও অভিনয় ও ব্যবসায় সমানভাবে সক্রিয় এই বলিউড বাদশাহ। জন্মদিনে তাই ভক্তদের শুভেচ্ছার পাশাপাশি আলোচনায় তাঁর সংগ্রাম, সাফল্য ও হাজার কোটি রুপির সাম্রাজ্য গড়ে তোলার গল্প।

পড়ুন:দেশি কুকুরের জন্য অপেক্ষা, চার বছর পর আসছে ‘জানোয়ার’

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন