ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে নারায়ণগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা।
সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টা থেকে শিবু মার্কেট, কাঠেরপুলসহ আশপাশের বিভিন্ন এলাকার গার্মেন্টস কারখানার শ্রমিকরা মিছিল নিয়ে শিবু মার্কেট এলাকায় জড়ো হতে থাকেন। পরে তারা একযোগে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দুই পাশে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় ওভারপাসসহ সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধ চলাকালে শ্রমিকরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের দাবি, বর্তমান বাজার পরিস্থিতিতে প্রচলিত বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও তাদের বেতন কয়েক বছর ধরে বাড়ানো হয়নি। অথচ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো হচ্ছে। এমন পরিস্থিতিতে জীবনযাত্রার ব্যয় সামাল দিতে বাধ্য হয়েই তারা রাজপথে নেমেছেন।
এদিকে শ্রমিকদের অবরোধের কারণে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। দীর্ঘ সময় যানবাহনে বসে থাকতে হয় যাত্রীদের। অনেকে প্রায় এক ঘণ্টা ধরে গাড়িতে আটকে থাকার কথা জানান। আবার কেউ কেউ যানজট এড়াতে বাস থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হন।
এতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ব্যবহারকারী যাত্রী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।
পড়ুন : দিনাজপুরে দীপশিখার উদ্যোগে জাতীয় যুব দিবস পালিত


