খেলাধুলার প্রতি যুবসমাজকে আকৃষ্ট করতে ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শুরু হয়েছে “শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬”। ২রা নভেম্বর সোমবার বিকালে রাজউকের পূর্বাচল নতুন শহর ৪নং সেক্টর শিমুলিয়া বাজার মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু মোহাম্মদ মাসুম ও উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভুঁইয়া।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ‘মন্ডল কিংস একাদশ’ এবং ‘পুবাইল বাজার স্পোর্টিং ক্লাব’।
শিমুলিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টে ৮ টি গ্রামের বিভিন্ন ক্যাটাগরির ফুটবল টীম অংশ নেয়ার কথা রয়েছে ।
আয়োজক কমিটি ‘খেলাধুলা কে হ্যাঁ বলি’ স্লোগানকে সামনে রেখে স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার বিশেষ ব্যবস্থা করেছেন।
এ সময় উদ্বোধকদ্বয় তাদের বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশকে নতুনভাবে সুসংগঠিত করতে তরুণদের নিয়েও খেলাধুলাসহ নানা বিষয়ে উৎসাহ দিয়েছেন। বাংলাদেশ ফুটবল প্রেমী,তাই ফুটবলের জনপ্রিয়তা আকাশচুম্বী। আমরা রূপগঞ্জ ইউনিয়নের আনাচে কানাচে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে তরুণদের মাঝে মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা দিচ্ছি।
পড়ুন : ৪৪তমে যোগ দেননি, ৪৫তম বিসিএসে প্রশাসন ক্যাডার হলেন অমিত খান


