পুঁজিবাজারে বন্ধ থাকা বিও অ্যাকাউন্টগুলো চালুর অনুমোদন দিয়েছে কমিশন। পট পরিবর্তনের পর দেশের পুঁজিবাজারে আওয়ামী সমর্থিত বেশকিছু বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট স্থগিত করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। দীর্ঘ দুই বছর পর অবশেষে বন্ধ থাকা বিও হিসাবের জট খুলতে যাচ্ছে।
বেশকিছু ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে লেনদেন স্থগিত থাকা বিও অ্যাকাউন্টের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কমিশন। মঙ্গলবার এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
এ ব্যাপারে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম নাগরিককে জানান, কিছু শর্ত যুক্ত করে স্থগিত থাকা কিছু বিও অ্যাকাউন্ট লেনদেনের সুযোগ দিয়েছে কমিশন। শর্ত হলো: বিও অ্যাকাউন্টগুলোতে শেয়ার কেনা-বেচা করতে পারবে। কিন্তু কোন ফান্ড উত্তোলন করতে পারবে না। এছাড়া যেসব বিও অ্যাকাউন্টে মার্জিন ঋণ রয়েছে, হাউজগুলো চাইলে সেগুলো সমন্বয় করতে পারবে।
জানা যায়, বিএসইসি এবং বিভিন্ন সরকারি সংস্থার অনুরোধে মোট ৬১৭টি বিও হিসাব স্থগিত (ফ্রিজ) করা হয়েছে। স্থগিত থাকা হিসাবগুলোর মধ্যে ৩৫৭টি হিসাব পুরোপুরি বন্ধ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), বাংলাদেশ ব্যাংক এবং আদালতের অনুরোধে এই পদক্ষেপ নেওয়া হয়। স্থগিত হওয়া হিসাবগুলোর মধ্যে ১০৯টি বিও হিসাব সরাসরি শেয়ার কারসাজির সাথে যুক্ত থাকার অপরাধে স্থগিত করা হয়েছে। বাকি হিসাবগুলো বিএসইসির অভ্যন্তরীণ তদন্ত ও বিভিন্ন সরকারি সংস্থার আবেদনের প্রেক্ষিতে স্থগিত করা হয়।
দেখুন: পুঁজিবাজারে আস্থা ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা | Nagorik TV
আর দেখুন: সিন্ডিকেটের পকেটে শেয়ারবাজার: ব্যাকআপ ফান্ড ছাড়া মুখের বুলি কতদিন? | Nagorik TV


