ইয়েমেনের একটি বাজারে ভয়াবহ হামলায় ৩০ জন নিহত হয়েছেন। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির দাবি সৌদি আরবের বিমান হামলায় এ হতাহত হয়েছে। তবে স্থানীয় কর্তৃপক্ষ হামলার জন্য দায়ী করেছে হুতিকেই। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
গোষ্ঠীটি বলেছে, শুক্রবার (৬ নভেম্বর) তাদের নিয়ন্ত্রণাধীন তাইজ প্রদেশের একটি বাজারে ‘বেশ কয়েকটি হামলা’ চালানো হয়। গত সেপ্টেম্বরে ইরান-সমর্থিত গোষ্ঠীটি বড় ধরনের সামরিক অভিযান শুরু করার পর থেকে ওই এলাকায় তীব্র লড়াই চলছে।
হুতির সংবাদ সংস্থা সাবার প্রচারিত বক্তব্যে গোষ্ঠীটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি বলেন, ‘সৌদি শত্রুপক্ষের বিমান আল-ওয়াজিয়া শহরের বাজারে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। হামলায় ৩০ জন নিহত এবং আটজন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মরদেহ উদ্ধারে উদ্ধারকারী দল কাজ করছে।’
হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, শুক্রবার সৌদি আরবের খামিস মুশাইত সামরিক ঘাঁটি থেকে উড্ডয়ন করা একটি বিমান থেকে হামলাগুলো চালানো হয়েছে।
তবে ইয়েমেনের সরকারি বাহিনী অভিযোগ করেছে, হুতি বাজারটিতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এ ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ বলেও নিন্দা জানিয়েছে তারা। তাইজের স্থানীয় কর্তৃপক্ষও এক বিবৃতিতে ‘হুতির নির্বিচার ক্ষেপণাস্ত্র হামলাকে’ দায়ী করেছে। একই সঙ্গে সেখানে কোনো বিমান হামলার ঘটনা ঘটেনি বলে দাবি করেছে তারা।
দীর্ঘদিনের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর গত জুলাইয়ে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়। এর ফলে মধ্যপ্রাচ্যের সংঘাতে নতুন করে রণক্ষেত্রে পরিণত হয়েছে ইয়েমেন।
ইমি/


