দীর্ঘ প্রায় দুই দশক পর ঢাকার ধামরাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি ঘিরে জাতীয় পতাকা উত্তোলন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও দেশাত্মবোধক গানের আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার, ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল করিম ও হাবিবুর রহমান তুলা প্রমুখ।
আলোচনায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের পটভূমি এবং দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিবসের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে দিবসটির ইতিহাস ও তাৎপর্য পৌঁছে দেওয়ার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম হাসান। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পড়ুন : সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস খাদে পড়ে ২ শিক্ষক নিহত
সা/


