রাজধানীর ভাটারা থানা এলাকায় একটি স্কুলবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় নতুনবাজার ১০০ ফিট রোডের ভাটারা থানার কিছুটা সামনে বাসটিতে আগুন দেয়া হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের বাসে হঠাৎ আগুন দেখা যায়। ওই সময় মুহূর্তেই আগুন বাসে ছড়িয়ে পড়ে। তবে কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
এর আগে শনিবার (৭ নভেম্বর) রাতে মিরপুরের পল্লবী মেট্রো স্টেশনের নিচে এবং মধ্যরাতের দিকে মহাখালীতে পার্কিং করা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওইদিন রাত ১০টার দিকে পল্লবী মেট্রো স্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা বিহঙ্গ পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন দেখা যায়। ওই সময় দ্রুত চালক ও হেলপার বাসের সিটগুলো সরিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে বাসটি নিরাপদে সরিয়ে নেয়।
অন্যদিকে শনিবার রাত ১টার দিকে মহাখালী বাস টার্মিনালের পেছনের দিকে পার্কিং করা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুরো বাসটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ছাড়াও একই দিন রাজধানীর বনানী ও মহাখালী এলাকার সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
পড়ুন : নেত্রকোনায় গাঁজা সেবনরত অবস্থায় ৩ জনকে হাতেনাতে ধরল পুলিশ


