ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেনসিডিলসহ মুক্তা খানম (২৪) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা।
রোববার (৮ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১০-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেনসিডিলসহ ওই নারীকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৪২০ টাকা ও ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মুক্তা খানম গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার তারাইল পাংখারচর এলাকার সোয়েদ মিয়ার মেয়ে।
এসআরবি-১০-এর প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
উদ্ধার করা মাদকসহ গ্রেপ্তার ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পড়ুন : হবিগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় পণ্য ও মদ জব্দ


