গ্রামবাংলার ঐতিহ্য ও কৃষি সংস্কৃতি ধরে রাখতে কুড়িগ্রামে নমুনা শস্য কর্তন ও নবান্ন উৎসব-১৪৩৩ পালন করা হয়েছে। উৎসবকে ঘিরে আয়োজন করা হয় গ্রামীণ নানান খাবারের। এতে স্থান পায় পিঠা-পুলি, মালপোয়া, ফিরনি, দেশীয় বিভিন্ন ধরনের ভর্তা ও পাটিসাপটা পিঠা। উৎসবে স্থানীয় কৃষক-কৃষাণীসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীগণ অংশ নেন।
রোববার (৮ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পশ্চিম কল্যাণ এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুড়িগ্রাম সদরের উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসব শেষে হারভেস্টার মেশিনের মাধ্যমে কৃষকদের জমিতে নমুনা শস্য কর্তন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন মন্ডল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবীর, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুর রহমান এবং কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহফুজ রহমানসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কৃষক-কৃষাণীরা।
স্থানীয় কৃষক আবু বক্কর সিদ্দিক বলেন, নবান্ন উৎসবের আয়োজন করায় কৃষি বিভাগকে ধন্যবাদ জানাই। ফসল উৎপাদনে কোনো সমস্যায় পড়লে কৃষি কর্মকর্তাদের কাছে গেলে তাঁরা পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। এতে কৃষকেরা উপকৃত হন।
কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নাহিদা আফরিন বলেন, কৃষকদের উৎসাহিত করা এবং গ্রামবাংলার অতীত ঐতিহ্য ধরে রাখতেই এ আয়োজন। আগামীতে আরও ব্যাপক পরিসরে নবান্ন উৎসব পালনের পরিকল্পনা রয়েছে। কৃষকদের কল্যাণে পরামর্শ ও সমস্যা সমাধানে কৃষি বিভাগ সব সময় পাশে থাকবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবীর বলেন, চলতি বছর জেলায় ১৩ দশমিক ২ হেক্টর জমিতে ধান (চাল) উৎপাদনের গড় ফলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আশা করা হচ্ছে, উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, নবান্ন উৎসব গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির ধারক। এ ধরনের আয়োজন কৃষকদের উৎসাহিত করবে। পরিমিত সার ব্যবহারে ভালো ফলন পাওয়া সম্ভব। এ বিষয়ে কৃষি বিভাগের পরামর্শ গ্রহণের পাশাপাশি কৃষকদের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার আহ্বান জানান তিনি।
পড়ুন : ফেনীতে বিএনপির দুপক্ষের কোন্দলে প্রকাশ্যে ককটেল বিস্ফোরণ
সা/


