পাবনায় আল-তাবির পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পরিবহনটির মালিক শাহজাহান আলী সূর্য।
রোববার (৮ নভেম্বর) রাত ৯টায় পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকায় পরিবহনটির নিজস্ব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিবহন মালিক শাহজাহান আলী অভিযোগ করেন, গত শনিবার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে একটি প্রাইভেটকারে এসে একদল দুর্বৃত্ত পরিকল্পিতভাবে তার মালিকানাধীন আল-তাবির পরিবহনের বাসে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার সময় বাসের ভেতরে চালক আসাদ ও হেলপার আলামিন ঘুমিয়ে ছিলেন। আগুনের তীব্রতায় ঘুম ভেঙে গেলে তারা চিৎকার দিয়ে দ্রুত বাস থেকে নেমে আত্মরক্ষা করেন এবং স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটির আনুমানিক দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
শাহজাহান আলী সূর্য বলেন, ঘটনার পর পরই পাবনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা চাই প্রশাসন ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত সনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পড়ুন : ফেনীতে বিএনপির দুপক্ষের কোন্দলে প্রকাশ্যে ককটেল বিস্ফোরণ
সা/


