নেত্রকোনায় শিশুখাদ্যে ভেজাল ও বাসি খাবার সংরক্ষণ: ২ প্রতিষ্ঠানকে জরিমানা

খাদ্যপণ্যের মান ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর অংশ হিসেবে সোমবার (৯ নভেম্বর) দুপুর নেত্রকোনা জেলা সদর উপজেলার বিসিক শিল্প এলাকা এবং বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা ও জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং বাসি খাবার সংরক্ষণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় পরিচালিত এদিনের অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন জেলা মার্কেটিং অফিসার, নেত্রকোনা। এছাড়া সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করেন ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ।

অভিযান সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নেত্রকোনা সদর উপজেলার বিসিক শিল্প এলাকায় অবস্থিত ‘এসএস ফুড প্রোডাক্টস’ নামক বেকারিতে হঠাৎ পরিদর্শনে যান তদারকি দল। এ সময় প্রতিষ্ঠানটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কোমলমতি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য পাউরুটি ও খাদ্যপণ্য উৎপাদন করতে দেখা যায়। স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ওই প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এর পর বিসিক এলাকা থেকে অভিযানটি নেত্রকোনা বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত হয়। সেখানে অবস্থিত ‘বিশাল হোটেল’ নামের প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ফ্রিজে বাসি ও পচা খাবার সংরক্ষণ করার প্রমাণ মেলে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন অপরাধে হোটেল কর্তৃপক্ষকে পাঁচ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে শুধু জরিমানা আদায়ই নয়, বরং সংশ্লিষ্ট এলাকার গ্যাস সিলিন্ডার, সার, বীজ ও কীটনাশক বিক্রির দোকানগুলোও নিবিড়ভাবে মনিটরিং করা হয়। এ সময় ব্যবসায়ীদের পণ্যের সঠিক মূল্যে বিক্রয়, নির্ধারিত মান বজায় রাখা এবং ভেজাল বা মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকার বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়। পাশাপাশি সাধারণ ক্রেতা ও পথচারীদের মাঝে ভোক্তা অধিকার আইন সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম জানান, কোমলমতি শিশুদের খাদ্য নিরাপত্তা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় প্রশাসনের এমন তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে পরিচালিত এ ধরনের কার্যক্রম আগামীতেও আরও কঠোরভাবে চলবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : মেহেরপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন