মাদারীপুর সদর উপজেলার কলাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশের গাছ কেটে রাস্তায় ফেলে যান চলাচল বন্ধের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে প্রকাশ্য দিবালোকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের ধাওয়া করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্তরা। এ সময় একটি মোটরসাইকেল ফেলে রেখে যাওয়ার ঘটনাও ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী কলাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশের গাছ কেটে রাস্তায় ফেলে দেন। এতে সড়কে যান চলাচল বিঘ্নিত হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রকাশ্য দিবালোকে এমন ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে পুলিশের কার্যকর পদক্ষেপ না থাকার অভিযোগ করেছেন স্থানীয়রা।
খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টায় বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা ধাওয়া করলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান। পালানোর সময় একটি মোটরসাইকেল ফেলে যান তারা।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তাদের অভিযোগ, জনবহুল একটি এলাকায় প্রকাশ্যে গাছ কেটে সড়কে ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলেও পুলিশ তাৎক্ষণিকভাবে কেন ব্যবস্থা নেয়নি, তা স্পষ্ট নয়। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি ও তৎপরতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের ১০ থেকে ১২ জন লোক এসে কলাবাড়ি এলাকায় কেটে সড়কটির অবরুদ্ধ অবস্থা করলে তাৎক্ষণিক বিএনপি লোকজন এসে তাদেরকে ধাওয়া করলে মোটরসাইকেল রেখে পালিয়ে যায় তারা। এ ঘটনায় তাদেরকে আটক করার অভিযান চলমান আছে।
পড়ুন : কালিয়াকৈরে স্ত্রীর সঙ্গে বিরোধের অভিযোগ, প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


