হাজিরা দিয়েই লাপাত্তা বারহাট্টার সেই আলোচিত শিক্ষক রুহুল আমিন

সকাল ১১টা। ভরা ক্লাসের সময়। চারপাশের পরিবেশ দেখে বোঝার উপায় নেই যে এটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে কোমলমতি শিশুদের ভবিষ্যৎ গড়ার পাঠ দেওয়া হয়। শ্রেণি কক্ষগুলোতে শিক্ষকের বদলে চলছে শিক্ষার্থীদের অবাধ কোলাহল। একটি কক্ষে কোনোমতে দুটি শ্রেণির শিক্ষার্থীদের একসঙ্গে বসিয়ে পাঠদান চালানো হচ্ছে। আর দপ্তরে পায়ের ওপর পা তুলে নির্বিকার ভঙ্গিতে বসে আছেন খোদ প্রধান শিক্ষক।

সোমবার (৯ নভেম্বর) এমনই এক ছন্দহীন ও ভঙ্গুর চিত্র দেখা গেল নেত্রকোনার বারহাট্টা উপজেলার ৭৯ নম্বর গুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। দীর্ঘদিন ধরে নানা অনিয়ম, ‘প্রক্সি শিক্ষক’ দিয়ে পাঠদান এবং বিদ্যালয়ের জমি সংক্রান্ত জালিয়াতির অভিযোগে আলোচিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে এখনো ফেরেনি শৃঙ্খলা। বরং পুরোনো অনিয়মের ধারাবাহিকতায় এবার নতুন করে যোগ হয়েছে হাজিরা খাতায় স্বাক্ষর করেই বিদ্যালয় ত্যাগের ঘটনা।

বিদ্যালয়ের কাগজপত্র বলছে, কর্মরত পাঁচজন শিক্ষকের সবাই আজ উপস্থিত। হাজিরা খাতায় প্রত্যেকের নামের পাশেই রয়েছে স্বাক্ষর। এমনকি সকালবেলা শিক্ষকদের উপস্থিতির সেই তালিকা দাপ্তরিক মেসেঞ্জার গ্রুপেও পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবের চিত্র ভিন্ন। সরেজমিনে বিদ্যালয়ে উপস্থিত পাওয়া গেল মাত্র তিনজন শিক্ষককে।

অনুপস্থিত শিক্ষকদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম সহকারী শিক্ষক এইচ এম রুহুল আমিন। স্থানীয়দের অভিযোগ, বরাবরের মতো এদিনও সকাল ৮টার দিকে তিনি বিদ্যালয়ে আসেন, প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করে হাজিরা খাতায় স্বাক্ষর করেন এবং কোনো ক্লাস না নিয়েই ব্যক্তিগত কাজে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হন।

আশ্চর্যের বিষয় হলো, এই শিক্ষকের আসা-যাওয়ার সময় নিয়ে খোদ বিদ্যালয়ের ভেতরেই পাওয়া গেছে পরস্পরবিরোধী বক্তব্য। প্রধান শিক্ষক আব্দুল হান্নানের দাবি, রুহুল আমিন সকাল ৯টা ৪০ মিনিটে বিদ্যালয়ে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করেছেন এবং শারীরিক অসুস্থতার কথা বলে মৌখিক ছুটি নিয়ে চলে গেছেন।

অথচ বিদ্যালয়ের আরেক সহকারী শিক্ষিকা জেসমিন আরা জানালেন সম্পূর্ণ ভিন্ন তথ্য। তার ভাষ্যমতে, তিনি সকাল ৯টার দিকে বিদ্যালয়ে এসেই রুহুল আমিনকে দেখতে পাননি, তবে হাজিরা খাতায় তার স্বাক্ষর দেখেছেন। প্রশ্ন উঠেছে, সকাল ৯টার আগেই যদি স্বাক্ষর থেকে থাকে, তবে প্রধান শিক্ষকের দাবি অনুযায়ী ৯টা ৪০ মিনিটে এসে ছুটি নেওয়ার হিসাবটি মেলে কীভাবে?

অভিযুক্ত সহকারী শিক্ষক এইচ এম রুহুল আমিনের সঙ্গে স্থানীয় গণমাধ্যমকর্মীরা যোগাযোগ করলে তিনি বলেন, ‘শরীর খারাপ থাকায় ডাক্তার দেখাতে এসেছি। প্রধান শিক্ষককে বলে মৌখিক ছুটি নিয়েই এসেছি।’

সহকারী শিক্ষক রুহুল আমিনের বিরুদ্ধে এমন অনিয়মের অভিযোগ এবারই প্রথম নয়। এর আগে গত ৩০ মার্চ একটি নাগরিক ডটকম অনলাইনে পোর্টালে ‘রাজনীতি-ঠিকাদারিতে ব্যস্ত শিক্ষক: ক্লাস নেন প্রক্সি শিক্ষক’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হলে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

সেই প্রতিবেদনের তথ্য ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রুহুল আমিন খাতায়-কলমে শিক্ষক হলেও দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনিয়মিত। তিনি মূলত ঠিকাদারি ব্যবসা ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকেন। জানা যায়, তিনি বারহাট্টা থানা যুবদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ছিলেন। পাশাপাশি ‘রুহুল-জাকির-হাবিব ঐক্য সোসাইটি’ নামের একটি প্রাথমিক শিক্ষক সংগঠনের কেন্দ্রীয় নেতা হিসেবেও পরিচিত। এমনকি সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক দলের পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সবচেয়ে বিস্ময়কর অভিযোগটি ছিল তার পরিবর্তে শ্রেণিকক্ষে ‘প্রক্সি শিক্ষক’ হিসেবে প্রধান শিক্ষক আব্দুল হান্নানের নাতনি ‘রূপা’র নিয়মিত ক্লাস নেওয়া। সে সময় শিক্ষার্থীরা নিজেই জানিয়েছিল, রুহুল আমিন স্যার মাঝেমধ্যে আসেন, আর রূপা ম্যাডাম নিয়মিত বাংলা, ইংরেজি, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় ক্লাস নেন। তৎকালীন সরেজমিন পরিদর্শনে খাতায় ৮৮ জন শিক্ষার্থীর নাম থাকলেও শ্রেণিকক্ষে পাওয়া গিয়েছিল মাত্র নয়জনকে।

যদিও সে সময় রুহুল আমিন ও প্রধান শিক্ষক দুজনেই ‘প্রক্সি’র বিষয়টি অস্বীকার করেছিলেন। রুহুল আমিনের দাবি ছিল, রূপা শখ করে মাঝেমধ্যে ক্লাস নেয় এবং কম্পিউটারের কাজে সাহায্য করে। আর প্রধান শিক্ষক দাবি করেছিলেন, তার নাতনি বাড়িতে প্রাইভেট পড়ায়, স্কুলে কেবল দু-একদিন পড়িয়েছে। তখন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিও) জিয়াউল হক প্রমাণ সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও, বাস্তবে পরিস্থিতির যে কোনো উন্নতি হয়নি, আজের (সোমবার) চিত্রই তার প্রমাণ।

পাঠদানে অবহেলার চেয়েও ভয়াবহ আরেকটি অভিযোগ ঝুলে আছে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বিরুদ্ধে। সেটি হলো খোদ বিদ্যালয়ের জমি বিক্রি ও জালিয়াতি।

প্রাপ্ত নথিপত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালে প্রধান শিক্ষক আব্দুল হান্নান, জমিদাতা আব্দুল মান্নান এবং সহকারী শিক্ষক রুহুল আমিন পরস্পর যোগসাজশে বিদ্যালয়ের প্রায় ৩০ শতাংশ (০.৩০ একর) জমি স্থানীয় ‘মনসুর আহমেদ মহিলা কলেজ’-এর কাছে বিক্রি করে দেন এবং কলেজের নামে নামজারিও সম্পন্ন হয়। পরবর্তীতে ২০২৩ সালে এই জালিয়াতি ধামাচাপা দিতে ওই জমি পুনরায় জমিদাতা আব্দুল মান্নান ও তার স্ত্রী হেলানা আক্তারের নামে নয় লাখ পাঁচ হাজার টাকায় কেনা হয়, যার দলিলে প্রধান সাক্ষী ছিলেন শিক্ষক রুহুল আমিন।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শেখ মো. সিরাজুল ইসলামের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের ২২ এপ্রিল তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে দাপ্তরিক চিঠি দেন। ওই চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়, তদন্তে বিদ্যালয়ের দখলে ০.৩০ একর জমি পাওয়া গেলেও জাল-জালিয়াতির কারণে কাগজপত্রে বিদ্যালয়ের স্বত্বাধিকার বিনষ্ট হয়েছে।

অভিযোগকারী সিরাজুল ইসলাম আক্ষেপ করে বলেন, ‘বিদ্যালয়ে নিয়মিত শিক্ষক থাকেন না, আবার স্কুলের জমিও বিক্রি করে দেওয়া হয়েছে। এসব অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করায় এখন আমার গ্রামে বসবাস করাই কঠিন হয়ে পড়েছে। প্রশাসনসহ সংশ্লিষ্ট অনেকেই এসব অনিয়মের সঙ্গে জড়িত বলে আজও কোনো প্রতিকার মিলছে না।’

বিদ্যালয়ের এমন দীর্ঘমেয়াদি বিশৃঙ্খলায় চরম হতাশ স্থানীয় অভিভাবকরা। গত মার্চ মাসে গ্রামের বাসিন্দা সাইকুল মিয়া ক্ষোভ প্রকাশ করে জানান, শিক্ষার মান একেবারেই তলানিতে ঠেকেছে। শিক্ষকদের এমন দায়িত্বহীনতা দেখে বাধ্য হয়ে তিনি তার সন্তানদের এই বিদ্যালয় থেকে সরিয়ে অন্য স্কুলে ভর্তি করিয়েছেন। সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম খোকন এবং বিদ্যালয়ের সাবেক ছাত্র সুমনও জানান, রুহুল আমিন আগে থেকেই অনিয়মিত ছিলেন, আর প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এভাবেই পার পেয়ে যাচ্ছেন।

হাজিরা খাতায় স্বাক্ষর করে বিদ্যালয় ত্যাগের সর্বশেষ ঘটনাটি সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে বারহাট্টা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোস্তফা খান বলেন, ‘হাজিরা খাতায় স্বাক্ষর করে এভাবে বিদ্যালয় থেকে চলে যাওয়ার কোনো নিয়ম নেই। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ব্যাপারে প্রধান শিক্ষককে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

প্রাথমিক শিক্ষা একটি জাতির ভিত্তি। অথচ গুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেই ভিত্তিই আজ নড়বড়ে। একের পর এক সংবাদ প্রকাশ এবং দাপ্তরিক চিঠি চালাচালির পরও কেন একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে অনিয়মের বৃত্ত থেকে বের করা যাচ্ছে না- এখন সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন বারহাট্টার সচেতন মানুষ। তাদের দাবি, লোক দেখানো আশ্বাস নয়, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে বিদ্যালয়টিতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হোক।

বিজ্ঞাপন

পড়ুন : কালিয়াকৈরে স্ত্রীর সঙ্গে বিরোধের অভিযোগ, প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন