মেহেরপুরে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে অন্ধ নারীর হাতিয়ে নেওয়ার অভিযোগ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে মেহেরপুরের গাংনী উপজেলার এক দৃষ্টিপ্রতিবন্ধী নারীর বিকাশ অ্যাকাউন্ট থেকে ১২ হাজার ৮৯৯ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী পারেছা খাতুন গাংনী থানায় লিখিত অভিযোগ করেছেন। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ভুক্তভোগী পারেছা খাতুন সকালে গাংনী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী পারেছা খাতুন উপজেলার ভবানীপুর গ্রামের বুদ্ধিপ্রতিবন্ধী শাহিনের স্ত্রী।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, ভাগ্যের নির্মম পরিহাসে শুধু পারেছা কিংবা তার স্বামীই নন, তাদের দুই সন্তান সাত বছরের পারভেজ ও চার বছরের হামিমও জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। এছাড়া পরিবারে রয়েছেন মানসিক ভারসাম্যহীন এক ননদ। পরিবারের অধিকাংশ সদস্য প্রতিবন্ধী হওয়ায় স্থানীয়দের কাছে পরিবারটি পরিচিত ‘প্রতিবন্ধী সংসার’ হিসেবে।
আরো জানা গেছে, প্রায় ১০ বছর আগে পারেছার সঙ্গে শাহিনের বিয়ে হয়। অভাবের সংসারে স্বামীকে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজে পাঠান পারেছা। কাজ শেষে নিজেই আবার তাকে বাড়িতে ফিরিয়ে আনেন। তবে বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় অনেক সময় স্বামীর মজুরিও দেওয়া হয় অর্ধেক। সেই সামান্য আয়েই চলে তাদের সংসার। অভাব-অনটনের মধ্যেও ভিক্ষাবৃত্তি বেছে নেননি পারেছা। ছাগল ও হাঁস-মুরগি পালন করে সংসারে বাড়তি আয়ের চেষ্টা করছেন। দৃষ্টিশক্তি না থাকলেও নিজ হাতে রান্না করা, ঘর গোছানো, সন্তানদের খাওয়ানো ও গোসল করানোসহ সংসারের প্রায় সব কাজই সামলান তিনি।
পারেছা খাতুনের অভিযোগ, গত রোববার (৯ নভেম্বর) বিকেল ৩টা ৩২ মিনিট থেকে ৫টা ১০ মিনিটের মধ্যে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাকে ফোন করেন। ফোনে তার ছেলে পারভেজের নামে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে এবং কার্ডের টাকা পাওয়ার প্রক্রিয়ার কথা জানিয়ে মোবাইলে আসা ওটিপি নম্বর দিতে বলা হয়। সরল বিশ্বাসে ওই ব্যক্তির কথামতো ওটিপি দেওয়ার পর তার বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে তিন দফায় মোট ১২ হাজার ৮৯৯ টাকা অন্য একটি বিকাশ নম্বরে পাঠিয়ে নেওয়া হয়। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ব্যবহৃত ০১৭২৯১৮৯৩৯২ নম্বরের বিকাশ অ্যাকাউন্ট থেকে ০১৬২৫৫৭৯৪৯৯ নম্বরে তিন দফায় সেন্ড মানির মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, এ বিষয়ে ভুক্তভোগী পারেছা খাতুন লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।
অন্ধকার জীবনে দুই দৃষ্টিপ্রতিবন্ধী সন্তানকে নিয়ে বেঁচে থাকার সংগ্রাম করা পারেছার কাছে এই অর্থ ছিল অনেক বড় সম্বল। ফ্যামিলি কার্ডের আশ্বাসে সেই সামান্য সঞ্চয় হারিয়ে এখন চরম বিপাকে পড়েছেন তিনি।

পড়ুন:গাংনীতে মাটি পরীক্ষা ও সুষম সার ব্যবহার বিষয়ে কৃষক প্রশিক্ষণ

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন