ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে দেশটির প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকারের অধীন সেনাবাহিনী। ‘অপারেশন ডন অব ইয়েমেন’ বা ‘ইয়েমেনের ভোর’ অভিযানের আওতায় মাত্র ২৪ ঘণ্টায় স্থল ও আকাশপথে মোট ৮৭৪টি হামলা চালানো হয়েছে। এতে প্রায় ১৯০ জন হুথি কমান্ডার ও যোদ্ধা নিহত ও আহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী। একই সঙ্গে ধ্বংস করা হয়েছে হুথি বাহিনীর প্রায় ১৩০টি সামরিক যান ও সরঞ্জাম।
মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি। তিনি জানান, রোববার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত দেশটির বিভিন্ন ফ্রন্টে হুথিদের অবস্থান, সামরিক ঘাঁটি ও সেনা সমাবেশ লক্ষ্য করে এসব হামলা পরিচালনা করা হয়।
সামরিক মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় হুথিদের লক্ষ্য করে ২৯টি বিমান হামলা এবং ৩৯টি ড্রোন হামলা চালানো হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর রকেট-লঞ্চার ইউনিটগুলো ৬২ বার এবং ফিল্ড আর্টিলারি বা কামান বাহিনী ৭৪৪ বার গোলাবর্ষণ করেছে।
এসব হামলার প্রধান লক্ষ্য ছিল হুথিদের সামরিক অবস্থান, সৈন্য সমাবেশ, নতুন করে আসা সেনাসদস্য এবং সামরিক সরঞ্জাম। হামলায় বিদ্রোহীদের বিভিন্ন অবস্থানকেন্দ্র ও সুরক্ষিত এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী।
কর্নেল মাজেদ আল-নুজাইলি জানিয়েছেন, সামরিক অভিযানে ইয়েমেনের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফ্রন্টে ভূখণ্ডগত সাফল্য অর্জন করেছে সরকারি বাহিনী। এসব এলাকায় হুথিদের কাছ থেকে বেশ কয়েকটি অবস্থান পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।
এসব অভিযানে অংশ নিচ্ছে ‘নেশনস শিল্ড ফোর্সেস’, ‘জায়ান্টস ব্রিগেড’ এবং ‘ন্যাশনাল রেজিস্ট্যান্স’-এর বিভিন্ন ইউনিট। একই সঙ্গে অন্যান্য যুদ্ধক্ষেত্রেও সামরিক অভিযান অব্যাহত রয়েছে।
দেশটির উত্তরাঞ্চলেও হুথিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে সরকারি বাহিনী। এ অঞ্চলে সেনাবাহিনীর ‘ইমার্জেন্সি ডিভিশন’, ‘নেশনস শিল্ড ফোর্সেস’ এবং তৃতীয়, ষষ্ঠ ও সপ্তম সামরিক অঞ্চলের ইউনিটগুলো দায়িত্ব পালন করছে।
বিশেষ করে আল-জওফ ও মারিব এলাকায় হুথি বিদ্রোহীদের অবস্থান এবং সামরিক তৎপরতা লক্ষ্য করে আক্রমণ চালানো হচ্ছে। এসব এলাকায় বিদ্রোহীদের অগ্রযাত্রা প্রতিহত করার পাশাপাশি তাদের সামরিক অবস্থান দুর্বল করার চেষ্টা করছে সরকারি বাহিনী।
ইয়েমেনের আল-বাদা এলাকায় ‘শাবওয়া ডিফেন্স ফোর্সেস’ এবং অন্যান্য সামরিক ইউনিটের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর মুখপাত্র।
অন্যদিকে তাইজ এলাকায় হুথি-বিরোধী সশস্ত্র গোষ্ঠী পপুলার রেজিস্ট্যান্সের সহযোগিতায় সরকারি বাহিনী লড়াই চালিয়ে যাচ্ছে। সেখানে হুথিদের বিভিন্ন আক্রমণ প্রতিহত করার পাশাপাশি তাদের অবস্থান ও গতিবিধির ওপর পাল্টা হামলা পরিচালনা করা হচ্ছে।
সামরিক বাহিনীর দাবি, বিভিন্ন ফ্রন্টে সমন্বিত অভিযানের ফলে হুথিদের সামরিক সক্ষমতা ও চলাচলের ওপর চাপ তৈরি হয়েছে। তবে দেশটির বিভিন্ন অঞ্চলে এখনো সংঘর্ষ অব্যাহত রয়েছে।
অভিযান পরিচালনার ক্ষেত্রে বেসামরিক নাগরিক ও তাদের অবকাঠামোর নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী।
কর্নেল মাজেদ আল-নুজাইলি বলেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষয়ক্ষতি এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেই সামরিক অভিযান পরিচালনা করা হচ্ছে।
তবে হামলায় হতাহত ও সামরিক সরঞ্জাম ধ্বংসের বিষয়ে ইয়েমেনি সেনাবাহিনীর দেওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি। হুথি বিদ্রোহীদের পক্ষ থেকেও এসব দাবির বিষয়ে কোনো বিস্তারিত প্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি।
ইরানের সমর্থনপুষ্ট হুথি বিদ্রোহীদের পরাজিত করা এবং তাদের নিয়ন্ত্রণে থাকা রাজধানী সানাসহ উত্তর ইয়েমেনের বিস্তীর্ণ অঞ্চল পুনরুদ্ধার করাই ‘অপারেশন ডন অব ইয়েমেন’-এর প্রধান লক্ষ্য বলে জানিয়েছে দেশটির সরকারি বাহিনী।
গত ৫ অক্টোবর থেকে এই সামরিক অভিযান পরিচালনা করছে প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকারের অধীন সেনাবাহিনী। এর মাধ্যমে হুথিদের সামরিক অবস্থান দুর্বল করে ধাপে ধাপে দখল করা অঞ্চল পুনরুদ্ধারের পরিকল্পনা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ইয়েমেনে হুথি বিদ্রোহী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যে সংঘাত চলছে। দীর্ঘদিনের এই সংঘাতে দেশটির অর্থনীতি, অবকাঠামো ও মানবিক পরিস্থিতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
নতুন করে শুরু হওয়া ‘ইয়েমেনের ভোর’ অভিযান দেশটির সংঘাতকে আরও তীব্র করে তুলতে পারে বলে আশঙ্কা রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণাঞ্চলের একাধিক ফ্রন্টে একযোগে সামরিক তৎপরতা বাড়ায় ইয়েমেনের নিরাপত্তা পরিস্থিতি নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে।
পড়ুন:বেনজীর আহমেদকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী
ইমি/


