কাজী বাকাইয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান আফজাল হোসেন

মাদারীপুরের ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মো. আফজাল হোসেন। দুর্নীতি, মাদক, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও উন্নয়নমুখী ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির পাশাপাশি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছেন এই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।

বিজ্ঞাপন

মো. আফজাল হোসেন কাজী বাকাই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম খাণ্ডুলী গ্রামের আহমদ ফকিরের ছেলে।তিনি ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক, মানবকল্যাণমূলক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

শিক্ষাজীবনে তাঁর রয়েছে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নের অভিজ্ঞতা। প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে, তিনি ঢাকার মতিঝিল আদর্শ ‘ল’ কলেজ থেকে এলএলবি মাস্টার্স, মাদারীপুর সরকারি কলেজ থেকে বিএ (অনার্স), ডাসারের ডি.কে. আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজ থেকে এইচএসসি এবং বরিশালের গৌরনদীর মেদাকুল বিএমএস ইনস্টিটিউশন থেকে এসএসসি সম্পন্ন করেছেন।

রাজনৈতিক অঙ্গনেও দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা তুলে ধরেছেন আফজাল হোসেন। প্রচারপত্রের তথ্য অনুযায়ী, তিনি ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক, পল্টন থানা ছাত্রদলের ২ নম্বর যুগ্ম আহ্বায়ক এবং কাজী বাকাই ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সামাজিক কর্মকাণ্ডেও রয়েছে তাঁর সম্পৃক্ততা। তিনি ডি.কে. ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক। এ ছাড়া ডাসার প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। সাংবাদিকতার সঙ্গেও সম্পৃক্ত ছিলেন তিনি। দৈনিক সুবর্ণগ্রাম ও মর্নিং পোস্ট পত্রিকায় কাজ করার অভিজ্ঞতার কথাও প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে।

চেয়ারম্যান নির্বাচিত হলে কাজী বাকাই ইউনিয়নের সার্বিক উন্নয়নে অগ্রাধিকারভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন আফজাল হোসেন। তাঁর পরিকল্পনায় রয়েছে অবকাঠামোগত উন্নয়ন, ভাঙাচোরা রাস্তাঘাট সংস্কার এবং পর্যায়ক্রমে ইউনিয়নের শতভাগ সড়ক পাকা করার উদ্যোগ। পাশাপাশি সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, জন্মনিবন্ধন, মৃত্যু নিবন্ধন ও নাগরিক সনদসহ প্রয়োজনীয় সেবা সহজ ও হয়রানিমুক্ত করার অঙ্গীকার করেছেন তিনি।

তাঁর নির্বাচনী ভাবনায় বিশেষ গুরুত্ব পেয়েছে সামাজিক নিরাপত্তা ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ। অসহায়, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী মানুষের সরকারি ভাতা যথাযথভাবে বণ্টন, কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধ এবং তরুণদের সুস্থ ধারায় ফিরিয়ে আনতে নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

মো. আফজাল হোসেন বলেন, “আমি এলাকার মানুষের পাশে থেকে কাজ করতে চাই। কাজী বাকাই ইউনিয়নকে দুর্নীতি, মাদক, জুয়া ও চাঁদাবাজিমুক্ত করে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। মানুষের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই। এ জন্য ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”

উন্নয়ন, নাগরিক অধিকার নিশ্চিত করা এবং সামাজিক অপরাধমুক্ত ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি নিয়ে চেয়ারম্যান পদে তাঁর এই আগ্রহকে ঘিরে স্থানীয়দের মধ্যে কী ধরনের সাড়া তৈরি হয়, তা এখন দেখার বিষয়।

পড়ুন:দুই দেশের সীমান্তে ৩০ ঘণ্টা ধরে অসহায় এক নারী!

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন