যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর আগের অবস্থায় হরমুজ প্রণালি আর কখনো ফিরবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, এই কৌশলগত নৌপথের ব্যবস্থাপনা ও তদারকি নিয়ে ওমানের সঙ্গে তেহরান এরই মধ্যে একটি সমঝোতায় পৌঁছেছে।
সাক্ষাৎকারে গালিবাফ আরও জানান, আট মাসের এই সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের সামনে সাত দফা শর্ত পেশ করেছে ইরান। কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনকে এসব শর্ত জানানো হয়েছে এবং এখন দেশটির আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান। তার ভাষ্যমতে, এই চুক্তি বা আলোচনার পথে সবচেয়ে বড় বাধা হলো যুক্তরাষ্ট্রের প্রতি তাদের তীব্র আস্থার অভাব।
ইরানের প্রধান আলোচক যে সাত দফা শর্তের কথা উল্লেখ করেছেন, তার মধ্যে রয়েছে— যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানের সমস্ত সম্পদ অবমুক্ত করা, সব ফ্রন্টে যুদ্ধ পুরোপুরি বন্ধ করা এবং যুদ্ধের অবসান হয়েছে মর্মে স্পষ্ট ঘোষণা দেওয়া।
এসব দাবি গত জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের অংশ ছিল উল্লেখ করে গালিবাফ জানান, মার্কিন প্রশাসন যদি অতিরিক্ত কোনো দাবি না তোলে বা অবিশ্বাস তৈরি না করে, তবেই একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব। এছাড়া ইরানের ওপর নতুন কোনো হামলা হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও পরাস্ত হবেন বলেও সতর্ক করেন তিনি।
সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যকার চলমান সংঘাতে অন্য দেশের হস্তপেক্ষের বিরোধিতা করে গালিবাফ বলেন, উভয় পক্ষ চাইলে তেহরান এই সংঘাত নিরসনে সহায়তার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত।
পড়ুন : পাবনা-ঢাকা রুটে দুই নতুন আন্তঃনগর ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু
সা/


