মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া জোরদার করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। সংস্থাটির লক্ষ্য ডিসেম্বরের আগেই দেশটিতে কর্মী পাঠানো শুরু করা। এ পর্যন্ত মোট ৫৬৮টি ডিমান্ড লেটার পাওয়া গেছে এবং মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলের সহযোগিতায় প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক। সংবাদ সম্মেলনে তিনি জানান, ডিএইচএলের সহযোগিতা পেলে দ্রুত কর্মীদের বিদেশে পাঠানো সম্ভব হবে।
বোয়েসেলের মাধ্যমে সম্পূর্ণ বিনা অভিবাসন খরচে মালয়েশিয়ায় সর্বমোট ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে প্রথম ধাপে মালয়েশিয়ান কোম্পানি ডিএইচএলে ১১২ জন পুরুষ কর্মী নিয়োগের লক্ষ্যে বৃহস্পতিবার চূড়ান্ত নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে।
গত ২ নভেম্বর ডিএইচএল থেকে চাহিদাপত্র পাওয়ার পর ৫ নভেম্বর অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশ করে বোয়েসেল। ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত মোট ৪,০২৯টি আবেদন জমা পড়ে।
স্বচ্ছতা বজায় রাখতে গত ৮ নভেম্বর অনলাইন সফটওয়্যার লটারির মাধ্যমে ৩ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয় (অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন)।
প্রাথমিক তালিকা থেকে পেশাগত ও ব্যবহারিক দক্ষতা যাচাই করে ১১২ জনকে চূড়ান্তভাবে বেছে নিতে মালয়েশিয়া থেকে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। তাঁরা ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি পরীক্ষা ও সাক্ষাৎকার নিচ্ছেন।
মোহাম্মদ রাশেদুল হক স্পষ্ট জানিয়ে দেন যে, বাছাই প্রক্রিয়ায় বোয়েসেলের কোনো হস্তক্ষেপ নেই এবং নিয়োগকর্তারাই চূড়ান্তভাবে কর্মী নির্বাচন করবেন। এছাড়া, পুরো কার্যক্রমটি সম্পূর্ণ শূন্য অভিবাসন ব্যয়ে পরিচালিত হচ্ছে; অর্থাৎ নির্বাচিত কর্মীদের সকল খরচ নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে এবং বোয়েসেল কোনো সার্ভিস চার্জ নেবে না।
দালাল বা মধ্যস্বত্বভোগীদের প্রতারণা থেকে দূরে থাকার কঠোর সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, “নিয়োগ প্রক্রিয়ার কোনো পর্যায়ে দালাল বা অননুমোদিত ব্যক্তিকে অর্থ দেওয়া যাবে না। কেউ অর্থ লেনদেনে জড়ালে প্রমাণ সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” সরকারের ইশতেহার অনুযায়ী নিরাপদ, নৈতিক ও দক্ষ অভিবাসন নিশ্চিত করতে বোয়েসেল বদ্ধপরিকর বলেও জানান তিনি।
পড়ুন : দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৩
সা/


