নোয়াখালীর হাতিয়ায় মৃত অজিফা খাতুন নামের এক নারীর ওয়ারিশদের ৪৮ শতাংশ জমি জোরপূর্বক দখল করে ভবন নির্মাণ ও পুকুর খননের অভিযোগ উঠেছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রফিকুল আলমের বিরুদ্ধে। এ ঘটনায় জমি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নোয়াখালী রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য ইমাম উদ্দিন।
সংবাদ সম্মেলনে ইমাম উদ্দিন বলেন, তিনি মৃত অজিফা খাতুনের ছোট মেয়ের জামাতা। তার শাশুড়ির আট মেয়ে থাকলেও কোনো ছেলে সন্তান নেই। শাশুড়ির মালিকানাধীন হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চর লক্ষীদিয়া মৌজায় অবস্থিত ৪৮ শতাংশ জমি দ্বীপ উন্নয়ন সংস্থা জোরপূর্বক দখলে রেখেছে।
তিনি অভিযোগ করেন, ওই জমিতে সংস্থাটির নির্বাহী পরিচালক রফিকুল আলম ভবন নির্মাণ ও পুকুর খনন করেছেন। জোরপূর্বক জমি দখলে বাধা দিতে গেলে মামলা ও হামলার ভয় দেখানো হচ্ছে। এতে অজিফা খাতুনের আট মেয়ে তাদের ওয়ারিশি সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন। জমির প্রকৃত মালিকানা নির্ধারণ ও সম্পত্তি উদ্ধারে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তিনি।
ইমাম উদ্দিন আরো বলেন- জমির মালিকানার কাগজপত্র অনুযায়ী তারা তাদের জমির দখল বুঝে পেতে হাতিয়ার সার্কেল এসপি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি অভিযোগটি গ্রহণ করে হাতিয়া থানার ওসিকে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। কিন্তু হাতিয়া থানা পুলিশ এখন পর্যন্ত এ বিষয়ে আইনগত কোন পদক্ষেপ গ্রহণ করেননি।
সংবাদ সম্মেলনে অজিফা খাতুনের বড় মেয়ে রিজিয়া বেগম উপস্থিত ছিলেন।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রফিকুল আলম অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা ও হাতিয়ার যুদ্ধকালীন কমান্ডার। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা। রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে এ অভিযোগ তোলা হয়েছে। তাদের কোনো আপত্তি থাকলে আদালতে মামলা করতে পারে।
এবিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
পড়ুন : বোদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, আহত এক


