তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ-৩১)-এ যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাঁর দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এ সময় আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
এর আগে দেশের উদ্দেশে যাত্রা শুরুর প্রাক্কালে গতকাল বৃহস্পতিবার তুরস্কের স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় আন্তালিয়া বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইস্তাম্বুলে যান প্রধানমন্ত্রী। সেখানে যাত্রাবিরতি শেষে তিনি ঢাকার ফ্লাইটে ওঠেন। গত মঙ্গলবার তিন দিনের সফরে তিনি তুরস্কের আন্তালিয়ায় গিয়েছিলেন।
তিন দিনের এই সফরে প্রধানমন্ত্রী মূল সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন। তাঁর এই সফরের আলোচনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জলবায়ু অর্থায়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের মতো বিষয়গুলো প্রাধান্য পায়। এ ছাড়া সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন ও গ্রিন জোনে স্থাপিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনীও ঘুরে দেখেন তিনি।
পড়ুন : সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার : তথ্যমন্ত্রী
সা/


