চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুরের কৃতী সন্তান, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব নাসির উদ্দিন বাহাদুর আর নেই। তিনি আজ ভোর সাড়ে ৪টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর একমাত্র ছেলে মহিউদ্দিন নাসির জানিয়েছেন, মরহুমের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে তিনি তাঁর বাবার রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
আলহাজ্ব নাসির উদ্দিন বাহাদুর ১৯৫০ সালের ৩০ আগস্ট ফটিকছড়ির পশ্চিম নানুপুরের মান্নান ডাক্তার বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ছিলেন পাকিস্তান আমলের বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, বাংলাদেশ টিম্বার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, রেল ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন আর্থিক সহায়তাকারী, বাংলাদেশ টিম্বার কন্ট্রোল বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য, সমাজসেবক ও শিক্ষানুরাগী শিল্পপতি আলহাজ্ব আবুল কাসেম। তিনি নানুপুর মান্নানীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মান্নানীয়া শাহী জামে মসজিদসহ বহু প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।
শিক্ষাজীবনে নাসির উদ্দিন বাহাদুর ফিরিঙ্গি বাজার চট্টগ্রামের জে.এম.সেন হাই স্কুল থেকে ১৯৬৫ সালে ম্যাট্রিক পাস করেন। সরকারি কমার্স কলেজ থেকে ১৯৬৬-৬৭ শিক্ষাবর্ষে ইন্টারমিডিয়েট, ১৯৬৮-৬৯ শিক্ষাবর্ষে বাণিজ্য বিভাগে তৃতীয় স্থান অধিকার করে ডিগ্রি পাস করেন এবং বৃত্তি লাভ করেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে ১৯৭০-৭১ শিক্ষাবর্ষে ১৮তম স্থান অধিকার করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ছাত্রজীবন থেকেই নেতৃত্বের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি। ১৯৬২-৬৩ সালে জে.এম.সেন স্কুল ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক (জি.এস.) এবং ১৯৬৪-৬৫ সালে সহসভাপতি (ভি.পি.) হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৬-৬৭ সালে সরকারি কমার্স কলেজ ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক এবং ১৯৬৯-৭০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর ক্রীড়া সম্পাদক ছিলেন।
কর্মজীবনে তিনি পঞ্চবটি চা-বাগানের স্বত্বাধিকারী, বাংলাদেশ টিম্বার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের বর্তমান চেয়ারম্যান এবং বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন, চট্টগ্রামের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
শিক্ষা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পঞ্চবটি আবুল কাশেম বিদ্যালয়, পঞ্চবটি সকিনা-আরা ফোরকানিয়া মাদ্রাসা, আবুল কাশেম জিয়াউল ইসলাম হাফিজিয়া এতিমখানা, পঞ্চবটি ছকিনা-আরা জুনিয়র গার্ল স্কুল, রিলিফ ফর দ্য পুওর অব বাংলাদেশ, আবুল কাশেম ফাউন্ডেশন, আবুল কাশেম স্মৃতি সংসদ এবং ইদিলপুর সুন্দরশাহ জামে মসজিদ।
তিনি পশ্চিম নানুপুর মান্নানীয়া শাহী জামে মসজিদের মোতাওয়াল্লি ছিলেন। পাশাপাশি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম লায়ন্স ক্লাব, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও সিটি গ্রামার স্কুলের আজীবন সদস্য ছিলেন।
এ ছাড়া তিনি চট্টগ্রাম জেলা পরিষদ, মিনিমাম ওয়েজ বোর্ড, লেবার কোর্ট-২ চট্টগ্রাম অঞ্চল, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), এফবিসিসিআইয়ের জেনারেল বডি এবং ডিভিশনাল রোড কমিটিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
১৯৭৫ সালের ৩০ ডিসেম্বর তিনি খালেদা আহমদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁর স্ত্রী খালেদা আহমদ মধ্যম হালিশহরের ঐতিহ্যবাহী খান সাহেব আবদুল খালেক সওদাগর পরিবারের সদস্য। ব্যক্তিজীবনে তিনি এক ছেলে ও চার মেয়ের জনক ছিলেন। তাঁর সন্তানরা উচ্চশিক্ষিত এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
১৯৯২ সালে তিনি স্নেহময়ী মাকে নিয়ে পবিত্র হজ পালন করেন। পরবর্তী সময়ে ২০০৪ সালে স্ত্রীকে সঙ্গে নিয়ে আবারও হজ পালন করেন।
তাঁর মৃত্যুতে ফটিকছড়ির নানুপুরসহ স্থানীয় সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসায়ী অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। একজন শিল্পোদ্যোক্তা, সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবে তাঁর অবদান স্থানীয় মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁর স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী।
পড়ুন : জেব্রার বিনিময়ে বাঘ এলো গাজীপুর সাফারি পার্কে


