জনবল সংকট, অকেজো যন্ত্রপাতি ও জরাজীর্ণ ভবন—নানা সমস্যায় জর্জরিত বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

চিকিৎসাসেবা দিতে গিয়ে নিজেই ‘অসুস্থ হাসপাতালটি, সংকট কাটাতে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি উপজেলাবাসীর।

বিজ্ঞাপন

৫০ শয্যায় উন্নীত হলেও বাড়েনি প্রয়োজনীয় জনবল, দুই বছর ধরে অচল এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাফি মেশিন; দ্রুত সংস্কার ও আধুনিক ভবন নির্মাণের দাবি উপজেলাবাসীর।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জনবল সংকট, চিকিৎসা সরঞ্জামের অকার্যকারিতা ও জরাজীর্ণ অবকাঠামোর কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক চিকিৎসাসেবা। চার লক্ষাধিক মানুষের সরকারি স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান ভরসাস্থল এই হাসপাতালটিতে প্রয়োজনীয় চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও আধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাবে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। ৫০ শয্যায় উন্নীত করা হলেও প্রয়োজনীয় জনবল ও অবকাঠামোগত সুবিধা নিশ্চিত না হওয়ায় হাসপাতালটির কার্যক্রম চলছে অনেকটা জোড়াতালি দিয়ে।

১৯৮৩ সালে ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল হিসেবে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ২০১৮ সালে হাসপাতালটিকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। তবে শয্যাসংখ্যা বাড়লেও সে অনুযায়ী প্রয়োজনীয় জনবল কাঠামো ও চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি। ফলে দীর্ঘদিন ধরে জনবল সংকটের মধ্য দিয়েই চলছে হাসপাতালটির চিকিৎসাসেবা।

জানা গেছে, ৩১ শয্যার বিদ্যমান জনবল কাঠামোতে অনুমোদিত ৩৫টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ১২ জন। অন্যদিকে জরুরি বিভাগের সেবা নিশ্চিত করতে ইমার্জেন্সি মেডিকেল অফিসারের গুরুত্বপূর্ণ চারটি পদ নির্ধারিত থাকলেও সবগুলো পদই শূন্য রয়েছে।

এ সংকট মোকাবিলায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত চিকিৎসকদের দিয়ে হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্ব পালন করানো হচ্ছে।

জরুরি বিভাগে চিকিৎসক সংকটের কারণে রোগীদের দীর্ঘসময় অপেক্ষা করতে হচ্ছে। বিশেষ করে জরুরি চিকিৎসার প্রয়োজন এমন রোগীদের ক্ষেত্রে দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও হিমশিম খেতে হচ্ছে।

হাসপাতালটির চিকিৎসাসেবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে। প্রায় দুই বছর ধরে এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাফি মেশিন অকার্যকর থাকায় এসব পরীক্ষা-নিরীক্ষার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। এছাড়া ইসিজি পরীক্ষার জন্য থাকা দুটি মেশিনও গত দুই মাস ধরে বিকল রয়েছে। অন্যদিকে, প্রায় চার মাস ধরে ডায়াবেটিস পরীক্ষার প্রয়োজনীয় স্ট্রিপের সংকট চলায় এ সেবাও ব্যাহত হচ্ছে।
গুরুত্বপূর্ণ এসব যন্ত্রপাতি অচল ও প্রয়োজনীয় উপকরণের সংকটের কারণে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসেও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাতে রোগীদের ছুটতে হচ্ছে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। এতে একদিকে যেমন চিকিৎসাসেবা পেতে সময়ক্ষেপণ হচ্ছে, অন্যদিকে সাধারণ রোগীদের গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। বিশেষ করে নিম্ন আয়ের ও অসচ্ছল রোগীদের জন্য এই বাড়তি ব্যয় হয়ে উঠছে বড় ধরনের আর্থিক চাপ।

এদিকে হাসপাতালটিতে গাইনি ও প্রসূতি রোগের বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় নারী ও গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় বিশেষায়িত চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ফলে গর্ভকালীন পরীক্ষা-নিরীক্ষা, প্রসূতিসেবা ও বিভিন্ন জটিলতায় আক্রান্ত নারী রোগীদের চিকিৎসা নিতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসার অভাবে অনেক রোগীকেই উন্নত চিকিৎসার জন্য অন্যত্র যেতে হচ্ছে। এতে সময় ও অর্থ—দুই দিক থেকেই বাড়তি দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী ও তাঁদের স্বজনদের।

চিকিৎসাসেবার সীমাবদ্ধতার পাশাপাশি হাসপাতালটির পুরোনো ভবনের জরাজীর্ণ অবস্থাও নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ১৯৮৩ সালে নির্মিত ভবনটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় থাকা এ ভবনেই রোগীদের ভর্তি রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এতে ভবনটির নিরাপত্তা নিয়ে রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

সচেতন মহলের আশঙ্কা, দ্রুত সংস্কার কিংবা নতুন ভবন নির্মাণের উদ্যোগ না নিলে ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে আগেভাগেই কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. মনিরুল হক মুঠোফোনে জানান, হাসপাতালের উন্নয়নে প্রায় তিন কোটি টাকার একটি বড় প্রকল্পের প্রস্তাবনা প্রক্রিয়াধীন রয়েছে। তবে প্রকল্পটি এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে হাসপাতালের জরুরি বিভাগের উন্নয়নসহ অন্যান্য অবকাঠামোগত সংকট দূর হবে বলে আশা করা হচ্ছে।

মৌলভীবাজারের সিভিল সার্জন (অতিরিক্ত দায়িত্ব) ডা. মো. জাকির হোসেন মুঠোফোনে জানান, জেলার প্রায় সব স্বাস্থ্যপ্রতিষ্ঠানেই কমবেশি জনবল সংকট রয়েছে। এসব শূন্যপদ পূরণের লক্ষ্যে তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং আগামী ১৫ নভেম্বরের মধ্যে তা কেন্দ্রে পাঠানো হবে। এছাড়া ৫১তম বিসিএসের মাধ্যমে নতুন চিকিৎসক নিয়োগ সম্পন্ন হলে পরিস্থিতির দ্রুত উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপ চান উপজেলাবাসী, বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান পরিস্থিতি নিয়ে স্থানীয় সচেতন নাগরিক ও ভুক্তভোগীদের দাবি, কাগজে-কলমে ৫০ শয্যার হাসপাতাল নয়, বাস্তবে প্রয়োজনীয় চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও আধুনিক চিকিৎসা সরঞ্জামসহ পূর্ণাঙ্গ ৫০ শয্যার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।

তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে শূন্য থাকা চিকিৎসক ও জনবলের পদগুলো দ্রুত পূরণ, অচল এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি ও ইসিজি মেশিন মেরামত অথবা নতুন যন্ত্রপাতি সরবরাহ এবং ডায়াবেটিস পরীক্ষার প্রয়োজনীয় উপকরণের নিয়মিত সরবরাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের পাশাপাশি ঝুঁকিপূর্ণ পুরোনো ভবনটি ভেঙে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন হাসপাতাল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া জরুরি।

চার লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবার স্বার্থে হাসপাতালটির দীর্ঘদিনের সমস্যাগুলোক সমাধানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন উপজেলাবাসী।

তাঁদের প্রত্যাশা,বাস্তব পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ, মানসম্মত ও পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। চিকিৎসার জন্য হাসপাতালে এসে যেন কোনো রোগীকে প্রয়োজনীয় সেবা না পেয়ে ফিরে যেতে না হয়—এটাই এখন বড়লেখাবাসীর প্রত্যাশা।

পড়ুন:শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন