নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শুরু হয়েছিল একটু ভিন্ন আমেজে। সেখানে ছিল না প্রথাগত ক্লাসরুমের কড়াকড়ি কিংবা পরীক্ষার নম্বরের চাপ। বরং ছিল শেখার আনন্দ, জানার কৌতূহল এবং ভিনদেশি একটি ভাষাকে নিজের করে নেওয়ার অদম্য তাগিদ। মফস্বল ও প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের মনের কোণে জমে থাকা দীর্ঘদিনের ‘ইংরেজি ভীতি’ দূর করতে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ‘ইংরেজি দক্ষতা উন্নয়ন কর্মসূচি’ যেন পরিণত হয়েছিল শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণবন্ত মিলনমেলায়।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকেই জেলার ১০টি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসতে শুরু করে ৭০ জন শিক্ষার্থী ও ২৮ জন শিক্ষক। এদের মধ্যে সদর উপজেলার ২৫ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষক এবং বাকি নয়টি উপজেলার প্রতিটির দুই জন করে শিক্ষক ও ৪৫ জন শিক্ষার্থী অংশ নেন। সবার চোখেমুখেই ছিল নতুন কিছু শেখার আগ্রহ।
কর্মশালার শুরুতেই অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি এবং রাজস্ব) মুন মুন জাহান লিজা যখন শিক্ষার্থীদের উদ্দেশে স্নেহমাখা অথচ অনুপ্রেরণাদায়ী কণ্ঠে জানতে চাইলেন- সবার কাছে খাতা-কলম আছে কি না, তখনই বোঝা গেল এই আয়োজন কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি মোবাইল ফোন সাইলেন্ট রেখে সবাইকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমরা যারা শিক্ষার্থী, তাদের কাছে খাতা-কলম থাকবে না তা হতেই পারে না। স্যাররা যা বলবেন, তা নোট করতে হবে এবং না বুঝলে হাত তুলে প্রশ্ন করতে হবে। আজকের সেশনটি হবে পুরোপুরি পার্টিসিপেটরি বা অংশগ্রহণমূলক।”
প্রচলিত একমুখী বক্তৃতার বদলে শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ওপর জোর দেন তিনি। শিক্ষকদের উদ্দেশে মুন মুন জাহান লিজা বলেন, “আমরা সবাই এখানে শিখতে এসেছি। আমরা বাচ্চাদের কীভাবে পড়াচ্ছি এবং কীভাবে বললে তাদের কাছে আরও সহজে পৌঁছানো যায়, সেই কৌশলগুলো একে অপরের সাথে শেয়ার করাই আমাদের লক্ষ্য। এখান থেকে অর্জিত জ্ঞান আপনারা নিজ নিজ প্রতিষ্ঠানে ছড়িয়ে দেবেন।”
বিশ্বায়ন ও তথ্যপ্রযুক্তির যুগে আন্তর্জাতিক অঙ্গনে টিকে থাকতে ইংরেজি বলা, লেখা ও বোঝার দক্ষতার কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, উচ্চারণ বা প্রনানসিয়েশনে জড়তা থাকা স্বাভাবিক, অনুশীলনের মাধ্যমেই তা কাটিয়ে উঠতে হবে। প্যারাগ্রাফ, লেটার কিংবা থিসিস লেখার কৌশল এবং সঠিক উচ্চারণ ভঙ্গি আয়ত্ত করতে পারলে প্রান্তিক শিক্ষার্থীরাও উচ্চশিক্ষা ও আধুনিক কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে।
দুই শিফটে বিভক্ত এই কর্মশালার মূল আকর্ষণ ছিল হাতে-কলমে প্রশিক্ষণ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বি.আর.ই.সি.-এর সাবেক সদস্য এবং বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) খ্যাতিমান ইংরেজি সংবাদ পাঠক সালাহউদ্ দীন এবং নেত্রকোনা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শোভন চন্দ্র সরকার।
প্রশিক্ষণ পর্বে প্রজেক্টরে অডিও-ভিজ্যুয়াল ক্লিপ প্রদর্শন করে শিক্ষার্থীদের তাৎক্ষণিক ইংরেজিতে অনুভূতি ও বিশ্লেষণ প্রকাশের সুযোগ দেওয়া হয়। দেখা গেল, আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাবিল হোসাইন খানসহ বিভিন্ন উপজেলার শিক্ষার্থীরা কোনো জড়তা ছাড়াই মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে ইংরেজিতে নিজেদের মতামত তুলে ধরছে। শুধু ইংরেজি উচ্চারণ ও কৌশলই নয়, বরং তরুণ প্রজন্মের নৈতিকতা ও বড়দের উপদেশ মেনে চলার মতো জীবনমুখী শিক্ষাও তারা ইংরেজিতে চমৎকারভাবে ব্যাখ্যা করে শোনায়। এক শিক্ষার্থীর নিখুঁত উচ্চারণ ও বাচনভঙ্গি দেখে মুগ্ধ প্রশিক্ষক সালাহউদ্ দীন তাৎক্ষণিক প্রশংসা করে ওঠেন এবং পুরো হলরুম করতালিতে মুখরিত হয়ে ওঠে।
অংশগ্রহণকারীদের এমন ইতিবাচক সাড়া দেখে অভিভূত হন প্রশিক্ষক সালাহউদ্ দীন। তিনি বলেন, “নানা বাধা ও সীমাবদ্ধতা পেরিয়ে জেলা প্রশাসনের নবীন ও প্রবীণ কর্মকর্তারা অত্যন্ত কষ্ট করে এই আয়োজন করেছেন। আপনাদের উজ্জ্বল মুখগুলো দেখে মনে হচ্ছে এই প্রচেষ্টা সার্থক।” তিনি জানান, ফরমাল বা আনুষ্ঠানিক বক্তব্যের সময় বাংলা ও ইংরেজি মিশিয়ে না বলে যেকোনো একটি ভাষায় শুদ্ধভাবে কথা বলার অভ্যাস গড়ে তুলতে হবে।
শুধু একদিনের কর্মশালায় সীমাবদ্ধ না থেকে ভবিষ্যতে জেলা শিক্ষা অফিসারের সহযোগিতায় হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে অনলাইনে মাসে অন্তত এক-দুবার ইন্টারঅ্যাক্টিভ সেশন আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি, যাতে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষক-শিক্ষার্থীরা নিয়মিত চর্চার মধ্যে থাকতে পারেন। নেত্রকোনার ঐতিহ্যবাহী মাছ ও আতিথেয়তার প্রশংসা করে ভবিষ্যতে সরাসরি উপজেলা পর্যায়েও যাওয়ার আগ্রহ প্রকাশ করেন এই প্রবীণ সংবাদ পাঠক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাস। উপস্থিত ছিলেন কালেক্টরেটের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ।
দিনশেষে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে যখন কর্মশালার সমাপ্তি ঘটে, তখন ৭০ জন শিক্ষার্থী ও ২৮ জন শিক্ষকের চোখেমুখে ছিল এক নতুন আত্মবিশ্বাসের ছাপ। ভীতিকে জয় করে ইংরেজি ভাষাকে আনন্দের সাথে শ্রেণিকক্ষে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়েই ঘরে ফেরেন তারা।
পড়ুন : বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪টি ককটেল সদৃশ বস্তু, যা জানা গেলো


