রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে করা মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য এ রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্তকারী সংস্থা তাঁর সাত দিনের রিমান্ড আবেদন করেছিল। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পাশাপাশি আগামী সাত দিনের মধ্যে রিমান্ডসংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া জানান, তদন্তের স্বার্থে এসপি জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে নগরের সিএমপির পুলিশ অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে একই রাতে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়।
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগের অভিযোগ
মামলার এজাহার অনুযায়ী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ রয়েছে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। একই সঙ্গে পুলিশের অভ্যন্তরীণ ও গুরুত্বপূর্ণ তথ্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে সরবরাহের অভিযোগও আনা হয়েছে।
আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলাটি করেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলমের মুঠোফোন থেকে পাঠানো একটি বার্তায় আগামী ডিসেম্বরে জনগণকে রাজপথে নামার প্রসঙ্গ উল্লেখ ছিল। সেখানে ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন এবং বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজপথে নামার বিষয়টিও উঠে আসে। তবে বার্তাটি কাকে পাঠানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর গত ১০ নভেম্বর চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আব্দুল কুদ্দুস চৌধুরী জাহাঙ্গীর আলমকে নিজের কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন।
সেদিন তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করা হয়। পরে ফরেনসিক পরীক্ষার জন্য ফোন দুটি ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
এ ঘটনায় বিভাগীয় তদন্তও চলছে। চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম তদন্তের দায়িত্ব পালন করছেন।
মামলাটি পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) অথবা কাউন্টার টেররিজম ইউনিটের মাধ্যমে তদন্ত করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের স্পর্শকাতর তথ্য ফাঁসের ঘটনায় অন্য কোনো ব্যক্তি জড়িত রয়েছেন কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন।
এখন চার দিনের রিমান্ডে তাঁকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অভিযোগের বিভিন্ন দিক যাচাই করা হবে। বিশেষ করে পুলিশের অভ্যন্তরীণ তথ্য আদান-প্রদান, মুঠোফোনে পাওয়া বার্তার বিষয়বস্তু এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের অভিযোগ তদন্তের আওতায় রয়েছে।
পড়ুন : শেখ হাসিনা কোনোভাবে ফিরে আসলে তার দণ্ড কার্যকর হবে: রিজভী


