ইরানের সঙ্গে নতুন করে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কার মধ্যেই মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী ‘ইউএসএস রুজভেল্ট’। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম এক্সিওস এবং চ্যানেল-১২ এর সাংবাদিক বারাক রেভিড এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একাধিক মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছিল, ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক অভিযান শুরু হলে ইউএসএস রুজভেল্ট তাতে সরাসরি অংশ নেবে।
ইউএসএস রুজভেল্টের আগমনের ফলে মধ্যপ্রাচ্যে এখন যুক্তরাষ্ট্রের কয়েকশ যুদ্ধবিমানসহ প্রায় ২০ হাজার নাবিক ও মেরিন সেনা অবস্থান করছেন, যা অত্যন্ত অস্বাভাবিক। রুজভেল্ট পৌঁছানোর আগে থেকেই ওই অঞ্চলে তিনটি টাস্কফোর্সসহ মার্কিন রণতরী ‘ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ বুশ’ এবং ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’ মোতায়েন ছিল। উল্লেখ্য, এর আগে গত এপ্রিলেও মধ্যপ্রাচ্যে একসঙ্গে তিনটি মার্কিন রণতরী অবস্থান করছিল, যা ২০০৩ সালের পর প্রথম কোনো ঘটনা ছিল।
ইরানের সঙ্গে চলা পূর্বের পূর্ণমাত্রার যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। পরবর্তীতে যুদ্ধ থামলে সেই জাহাজের নাবিকদের বিশ্রামের সুযোগ করে দিতে অন্য রণতরী ও যুদ্ধজাহাজগুলোকে এই অঞ্চলে নিয়ে আসা হয়।
ঘটনার প্রেক্ষাপট অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালালে ইরানও তাদের সামরিক অবকাঠামো লক্ষ্য করে পাল্টা আক্রমণ শুরু করে। টানা ৪০ দিন এই সংঘাত চলার পর গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি হয়। সেই যুদ্ধবিরতি পূর্ণ সফলতার মুখ না দেখলেও বর্তমানে উভয় পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলা বন্ধ রয়েছে। তবে যেকোনো মুহূর্তে এই স্থিতাবস্থা বদলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পড়ুন : রাজধানীর হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি
সা/


