মেধা ও যোগ্যতার ভিত্তিতেই হবে কনস্টেবল নিয়োগ: এসপি তরিকুল ইসলাম

চাকরি নামের সোনার হরিণ ধরার স্বপ্ন নিয়ে যেসব তরুণ-তরুণী দিনরাত পরিশ্রম করছেন, তাদের জন্য এক আশার বাণী শোনাল নেত্রকোনা জেলা পুলিশ। কোনো ধরনের তদবির বা অনিয়ম নয়, বরং নিজের মেধা, শারীরিক সক্ষমতা ও যোগ্যতাই হবে বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হওয়ার একমাত্র মাপকাঠি। আসন্ন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ (অক্টোবর-২০২৬) পরীক্ষাকে শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক করতে বদ্ধপরিকর জেলা পুলিশ প্রশাসন।

বিজ্ঞাপন

সোমবার (১৬ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী কর্মযজ্ঞকে সামনে রেখে রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় নেত্রকোনা পুলিশ লাইন্সে বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। ১৬, ১৭ ও ১৮ নভেম্বর অনুষ্ঠিতব্য শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা যেন নির্বিঘ্নে ও সুন্দরভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যেই দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নিয়ে দিক নির্দেশনামূলক সভার আয়োজন করা হয়।

ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেন, “আসন্ন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে অনুষ্ঠিত হবে।”

তিনি আরও উল্লেখ করেন, দেশসেবার মহান ব্রতে শুধুমাত্র শারীরিকভাবে উত্তম, মেধাবী ও যোগ্য প্রার্থীদেরই বাছাই করা হবে। এই লক্ষ্য বাস্তবায়নে নিয়োগ কার্যক্রমে নিয়োজিত প্রতিটি পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। একই সাথে পুলিশ হেডকোয়ার্টার্সের দেওয়া সার্বিক দিক নির্দেশনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণের নির্দেশ দেন পুলিশ সুপার।

নিয়োগ প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে ব্রিফিংয়ে উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান করেন নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আশরাফুল করিম, জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম এবং পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিগণ।

অনুষ্ঠানে নেত্রকোনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান এবং অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরি সার্কেল) সাহিদুর রহমানসহ নিয়োগ পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

পুলিশ প্রশাসনের এমন ইতিবাচক অবস্থানে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও চাকরিপ্রত্যাশীদের অভিভাবকরা। মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রকৃত দেশপ্রেমিক তরুণেরা পুলিশ বাহিনীতে যুক্ত হয়ে আগামী দিনে দেশ ও জনগণের সেবা করবে- এমনটাই প্রত্যাশা নেত্রকোনাবাসীর।

পড়ুন : গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন