ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ ফিচার বন্ধের ঘোষণা

ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ বা অতিরিক্ত প্রোফাইল ফিচার স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটির মূল প্রতিষ্ঠান মেটা। আগামী ১৪ ডিসেম্বর ২০২৬ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে একটি ফেসবুক অ্যাকাউন্টের অধীনে তৈরি করা অতিরিক্ত প্রোফাইলগুলো আর ব্যবহার করতে পারবেন না ব্যবহারকারীরা। তবে মূল বা প্রাইমারি ফেসবুক প্রোফাইল আগের মতোই সচল থাকবে। এ সিদ্ধান্তের কারণে অতিরিক্ত প্রোফাইলে সংরক্ষিত ছবি, পোস্ট ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য হারানোর আশঙ্কা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

২০২৩ সালের সেপ্টেম্বরে ফিচারটি চালু করেছিল মেটা। এর মাধ্যমে একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেই একাধিক আলাদা প্রোফাইল তৈরি করার সুযোগ পান ব্যবহারকারীরা। ব্যক্তিগত যোগাযোগ, কর্মক্ষেত্রের নেটওয়ার্কিং, বিভিন্ন আগ্রহভিত্তিক গ্রুপে অংশগ্রহণ কিংবা আলাদা পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্য ফিচারটি বেশ কার্যকর ছিল।

বিশেষ করে যারা ব্যক্তিগত জীবন ও পেশাগত যোগাযোগ আলাদা রাখতে চাইতেন, তাদের কাছে ফিচারটি জনপ্রিয়তা পেয়েছিল। আলাদা ইমেইল ঠিকানা বা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোলার প্রয়োজন ছাড়াই একই অ্যাকাউন্টের অধীনে একাধিক পরিচয়ে প্ল্যাটফর্মটি ব্যবহারের সুযোগ ছিল।

তবে মেটার নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এই সুবিধা আর থাকছে না। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সিদ্ধান্তের আওতায় কেবল মূল অ্যাকাউন্টের অধীনে তৈরি অতিরিক্ত প্রোফাইলগুলো বন্ধ করা হবে। ব্যবহারকারীদের মূল ফেসবুক অ্যাকাউন্ট বা প্রাইমারি প্রোফাইলের কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ মূল প্রোফাইলের বন্ধু, পোস্ট, ছবি ও অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে চালু থাকবে।

অতিরিক্ত প্রোফাইল ব্যবহারকারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেখানে থাকা ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করা। মেটা জানিয়েছে, ছবি, ভিডিও, পোস্টসহ অন্যান্য তথ্য ডাউনলোড বা এক্সপোর্ট করার জন্য ব্যবহারকারীরা ১৪ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সময় পাবেন।

নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ না করলে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট অতিরিক্ত প্রোফাইলের সব তথ্য স্থায়ীভাবে মুছে ফেলা হবে। ফলে গুরুত্বপূর্ণ ছবি, পুরোনো পোস্ট কিংবা অন্যান্য ব্যক্তিগত তথ্য হারিয়ে যেতে পারে। তাই সময়সীমার আগেই প্রয়োজনীয় তথ্য ডাউনলোড করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

অতিরিক্ত প্রোফাইল ব্যবহার করে যারা বিভিন্ন ফেসবুক গ্রুপ পরিচালনা করছেন, তাদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে মেটা। প্রতিষ্ঠানটির পরামর্শ, অতিরিক্ত প্রোফাইল বন্ধ হওয়ার আগেই গ্রুপের এডমিন ক্ষমতা মূল বা প্রাইমারি প্রোফাইলে হস্তান্তর করতে হবে।

এটি না করলে গ্রুপ পরিচালনায় সমস্যা তৈরি হতে পারে। কোনো গ্রুপে মূল প্রোফাইলের অধীনে এডমিন না থাকলে নতুন প্রশাসক নিয়োগ না দেওয়া পর্যন্ত গ্রুপটি সাময়িকভাবে স্থগিত থাকতে পারে। তাই গ্রুপের সদস্য ও পরিচালকদের স্বার্থে আগেভাগেই এডমিন পরিবর্তনের কাজ সম্পন্ন করা জরুরি।

যেভাবে অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড করবেন

অতিরিক্ত প্রোফাইলে থাকা ছবি, পোস্ট ও অন্যান্য তথ্য সংরক্ষণ করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে—

১. প্রথমে ফেসবুকে প্রবেশ করে যে অতিরিক্ত প্রোফাইলের তথ্য সংরক্ষণ করতে চান, সেটিতে সুইচ করুন।

২. এরপর Settings & Privacy অপশনে গিয়ে Settings নির্বাচন করুন।

৩. সেখান থেকে Your information and permissions বিভাগে প্রবেশ করুন।

৪. এরপর Export your information অপশনে ক্লিক করুন।

৫. Create export নির্বাচন করে নির্দিষ্ট অতিরিক্ত প্রোফাইলটি বেছে নিন।

৬. তথ্য নিজের মোবাইল, কম্পিউটার বা অন্য কোনো বাহ্যিক সেবায় সংরক্ষণের পদ্ধতি নির্বাচন করুন।

৭. যে ধরনের তথ্য ডাউনলোড করতে চান, সেগুলো নির্বাচন করে Create export-এ ক্লিক করুন।

প্রক্রিয়াটি সম্পন্ন হলে নির্বাচিত তথ্য সংরক্ষণের জন্য প্রস্তুত হবে।

ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল ফিচার বন্ধের সিদ্ধান্তে ব্যবহারকারীদের একটি অংশকে নতুন করে নিজেদের তথ্য ও অনলাইন কার্যক্রম গুছিয়ে নিতে হবে। বিশেষ করে যারা আলাদা পরিচয়ে ফেসবুক ব্যবহার করেন কিংবা অতিরিক্ত প্রোফাইলের মাধ্যমে গ্রুপ পরিচালনা করেন, তাদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সংরক্ষণ এবং এডমিন ক্ষমতা মূল প্রোফাইলে স্থানান্তর করলেই অনাকাঙ্ক্ষিত তথ্য হারানো ও গ্রুপ পরিচালনার জটিলতা এড়ানো সম্ভব হবে।

পড়ুন:পরবর্তী জেমস বন্ড রবার্ট প্যাটিনসন

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন