শেরপুরে কর্মসংস্থান ও যুব উন্নয়ন সহায়তায় ‘যুবদের কর্মসংস্থানের সুযোগ ও সংযোগ স্থাপন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৭ নভেম্বর মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে যুব উন্নয়ন অধিদপ্তর এবং কেয়ার বাংলাদেশ এর ইকোনমিক অ্যাকসেলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (EARN) প্রকল্পের জেলা পর্যায়ের এই উদ্বোধনী কর্মশালায় সভাপতিত্বে করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদ খান এবং প্রকল্পের মূল বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন টিম ফোকাল গোলাম রাব্বানী।
কর্মশালায় স্থানীয় শ্রমবাজারের চাহিদার সঙ্গে যুবদের দক্ষতা ও আকাঙ্ক্ষার সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুন অর রশিদ, জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক মোঃ শাখাওয়াত হোসেন, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক কামরুজ্জামান খান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মো. লুৎফুল কবীর, জেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা ডাঃ রেজওয়ানুল হক ভূঁইয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সাংবাদিক রফিক মজিদসহ বিভিন্ন অধিদপ্তরের সরকারি কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, স্থানীয় নিয়োগকর্তা, ব্যবসায়ী, আর্থিক প্রতিষ্ঠান, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
কর্মশালায় জানানো হয়, এ প্রকল্পের আওতায় ময়মনসিংহ বিভাগের চার জেলার ২৩টি উপজেলায় প্রায় ৫৬ হাজার যুবক-যুবতীকে দক্ষতা উন্নয়ন ও জীবিকা সংশ্লিষ্ট কার্যক্রমের আওতায় আনার লক্ষ্য রয়েছে, যার মধ্যে শেরপুর জেলায় রয়েছে ৬ হাজার ৫৮০ জন। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
পড়ুন : আজও উত্তাল গাজীপুর, শিল্পাঞ্চলে বাড়ছে অসন্তোষ
সা/


